জাতীয়

২০২২ বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ তথ্যমন্ত্রীর

ঢাকা, ১৯ জুলাই – বিগত শেখ হাসিনা সরকারের শাসনামলে ২০২২ সালের কাতার বিশ্বকাপ ফুটবলের সম্প্রচার স্বত্ব কেনা ও এর প্রচার প্রক্রিয়ায় ব্যাপক আর্থিক অনিয়মের অভিযোগ তুলেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি জানান, সেই সময় ফিফাকে চুক্তির সমুদয় অর্থ পরিশোধ করার পরেও মধ্যস্বত্বভোগীদের অপতৎপরতায় প্রায় ১৪০ কোটি টাকার দুর্নীতি সংঘটিত হয়েছে।

রবিবার সচিবালয়ে বিশ্বকাপ ফুটবলের সম্প্রচার সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে এসব চাঞ্চল্যকর তথ্য জানান তথ্যমন্ত্রী। সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বাফুফে সভাপতি তাবিথ আওয়াল উপস্থিত ছিলেন।

মন্ত্রী তার বক্তব্যে বিগত ও বর্তমান সরকারের আমলের খরচের একটি তুলনামূলক চিত্র উপস্থাপন করেন। তিনি বলেন, ২০২২ সালের বিশ্বকাপে ৩ দশমিক ২ মিলিয়ন ডলারে স্বত্ব কেনার আড়ালে বিশাল অঙ্কের অর্থ লোপাট হলেও বর্তমান সরকারের সময় চিত্রটি সম্পূর্ণ ভিন্ন।

বর্তমান প্রধানমন্ত্রীর সুনির্দিষ্ট নির্দেশনা ছিল যে খেলা দেখানোর ক্ষেত্রে জনগণের অর্থের কোনো অপচয় করা যাবে না। সেই নির্দেশনা অনুযায়ী ২০২৬ সালের বিশ্বকাপ ফুটবল দেখানোর সুশৃঙ্খল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জহির উদ্দিন স্বপন আরও উল্লেখ করেন যে, ফিফার কাছ থেকে এবার ৩ দশমিক ৮৫ মিলিয়ন ডলারে সম্প্রচার স্বত্ব কেনা হয়েছে।

ইতোমধ্যে চারটি গণমাধ্যমে সফলভাবে খেলাটি সম্প্রচার করা হয়েছে। পুরো আয়োজনে বিজ্ঞাপন থেকে প্রাপ্ত আয় হিসাব করলে সরকারি তহবিল থেকে ব্যয়ের পরিমাণ প্রায় শূন্যের কোঠায় নেমে আসবে। সাবেক সরকারের আমলের দুর্নীতি প্রসঙ্গে মন্ত্রী নিশ্চিত করেন যে বিটিভির মাধ্যমে সংঘটিত সেই ১৪০ কোটি টাকার অনিয়মের বিষয়ে বর্তমানে বিভাগীয় তদন্ত চলছে।

তদন্তের আনুষ্ঠানিক প্রতিবেদন হাতে পাওয়ার পর তা পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য দুর্নীতি দমন কমিশনে পাঠানো হবে। এ ক্ষেত্রে অপরাধীদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি হুঁশিয়ারি প্রদান করেন।

এস এম/ ১৯ জুলাই ২০২৬


Back to top button