ফুটবল

বাংলাদেশেও একদিন বিশ্বমানের ফুটবলার তৈরি হবে: ঢাকার জেলা প্রশাসক

ঢাকা, ১৭ জুলাই – ঢাকার জেলা প্রশাসক ফরিদা খানম আশাবাদ ব্যক্ত করে বলেছেন, আমি স্বপ্ন দেখি একদিন বাংলাদেশেও মেসি, নেইমার কিংবা ক্রিস্টিয়ানো রোনালদো ও এমবাপ্পের মতো বিশ্বমানের ফুটবলার তৈরি হবে। তিনি মনে করেন, আমাদের দেশে প্রতিভার কোনো অভাব নেই, প্রয়োজন শুধু সঠিক পরিচর্যা এবং আধুনিক প্রশিক্ষণ।

শুক্রবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মাঠে মাল্টিমিডিয়া জার্নালিস্ট ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক বলেন, শিশু ও কিশোরদের জন্য আমরা যদি অনুকূল পরিবেশ এবং আন্তর্জাতিক মানের সুযোগ সুবিধা নিশ্চিত করতে পারি, তবে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় মঞ্চেও একদিন বাংলাদেশের পতাকা উড়বে। ফুটবলকে কেবল বিনোদনের মাধ্যম নয়, বরং শৃঙ্খলা, নেতৃত্ব ও দলগত চেতনার অন্যতম শিক্ষা হিসেবে অভিহিত করেন তিনি।

তার মতে, মাঠের এই শিক্ষা একজন মানুষকে জীবনের প্রতিটি ক্ষেত্রে সফল হতে সহায়তা করে। তাই খেলাধুলাকে জাতি গঠনের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে দেখার আহ্বান জানান তিনি।

সাংবাদিকদের ভূমিকার প্রশংসা করে ফরিদা খানম বলেন, সাংবাদিকতা একটি অত্যন্ত দায়িত্বশীল পেশা। ব্যস্ত কর্মজীবনের মধ্যেও খেলাধুলার মতো ইতিবাচক আয়োজনে যুক্ত হওয়া প্রমাণ করে যে, সুস্থ দেহ ও সুস্থ মন ছাড়া ভালো সাংবাদিকতা সম্ভব নয়।

দেশের তৃণমূল পর্যায়ে অনেক প্রতিভাবান খেলোয়াড় রয়েছে যারা পর্যাপ্ত সুযোগের অভাবে সামনে আসতে পারছে না। নিয়মিত প্রতিযোগিতা ও দক্ষ কোচের মাধ্যমে তাদের মেধা বিকাশের পথ সুগম করতে হবে।

তিনি বিশ্বাস করেন, যেমন আমরা আজ বিশ্বসেরা তারকাদের খেলা দেখে অনুপ্রাণিত হই, একদিন বিশ্ববাসীও বাংলাদেশের ফুটবলারদের নৈপুণ্য দেখে অনুপ্রাণিত হবে।

খেলাধুলা তরুণদের মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে একটি সচেতন প্রজন্ম গড়ে তোলে। অনুষ্ঠানে আয়োজক সংগঠনের সভাপতি শাহরিয়ার নাইম ও সাধারণ সম্পাদক মিসবাহ উদ্দিনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এনএন/ ১৭ জুলাই ২০২৬


Back to top button
🌐 Read in Your Language