মেসির জয় থামাতে ইয়ামালকে আইশোস্পিডের আকুল আবেদন

মাদ্রিদ, ১৬ জুলাই – লিওনেল মেসির নেতৃত্বাধীন আর্জেন্টিনা আবারও বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিয়েছে। তবে আর্জেন্টিনার এই সাফল্য মোটেও সহজভাবে নিতে পারছেন না জনপ্রিয় মার্কিন ইউটিউবার ও কন্টেন্ট ক্রিয়েটর আইশোস্পিড।
ক্রিশ্চিয়ানো রোনালদোর একনিষ্ঠ ভক্ত হিসেবে পরিচিত এই স্ট্রিমার এবার স্পেনের উদীয়মান তারকা লামিন ইয়ামালের কাছে বিশেষ অনুরোধ জানিয়েছেন। তার চাওয়া ইয়ামাল যেন ফাইনালে মেসি ও আর্জেন্টিনাকে থামিয়ে দেন। আর্জেন্টিনা টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনাল নিশ্চিত করার পর নিজের ইউটিউব লাইভে স্পিড বলেন যে ইয়ামালের ওপর এখন বিশাল দায়িত্ব অর্পিত হয়েছে।
লাইভে তিনি ইয়ামালকে উদ্দেশ্য করে বলেন যে ইয়ামালের উচিত পুরো মনোযোগ দিয়ে খেলা। তিনি লামিনকে বিশেষভাবে অনুরোধ করেন যেন তিনি তাকে এই বিপর্যয় থেকে রক্ষা করেন। স্পিড আরও জানান যে মেসি যদি আবারও বিশ্বকাপ জিতে যান তবে রোনালদোর ভক্ত হিসেবে তার বলার আর কিছুই থাকবে না।
তাই এবারের বিশ্বকাপ জিতে রোনালদো ভক্তদের মান রক্ষা করার জন্য তিনি ইয়ামালের প্রতি আহ্বান জানান। চলমান বিশ্বকাপে পর্তুগাল বিদায় নেওয়ার পর মেসির আর্জেন্টিনা ফাইনালে ওঠায় বেশ উদ্বিগ্ন হয়ে পড়েছেন এই ইউটিউবার। আর্জেন্টিনা শিরোপা জিতলে মেসির নামের পাশে দুটি বিশ্বকাপ শিরোপা যুক্ত হবে।
অন্যদিকে রোনালদোর বর্ণাঢ্য ক্যারিয়ারের শেষ প্রান্তে এসেও এই ট্রফিটি অধরাই রয়ে গেছে। উল্লেখ্য যে পুরো টুর্নামেন্টজুড়ে আইশোস্পিড আর্জেন্টিনার প্রতিটি প্রতিপক্ষকে সমর্থন করে এসেছেন। এমনকি নকআউট পর্বে তিনি কেপ ভার্দে এবং মিসরের মতো দলগুলোকেও সমর্থন জানিয়েছিলেন।
এমনকি আর্জেন্টিনার জার্সি পরে লাইভে এসেও ভাগ্য পরিবর্তনের চেষ্টা করেছিলেন কিন্তু তাতেও কোনো কাজ হয়নি। এখন তার সব আশা কেবল স্পেন এবং দলটির তরুণ তুর্কি লামিন ইয়ামালকে কেন্দ্র করে।
এস এম/ ১৬ জুলাই ২০২৬









