হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র ও ইরানের হামলায় ৭ ভারতীয় নাবিকসহ নিহত ১৬

তেহরান, ১৬ জুলাই – হরমুজ প্রণালিতে গত ১ মার্চ থেকে ১৪ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলায় ১৬ জন নাবিক প্রাণ হারিয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়েছে যে নিহতদের মধ্যে সাতজনই ভারতীয় নাগরিক।
এই সংখ্যা মোট প্রাণহানির প্রায় ৪৪ শতাংশ। প্রতিবেদনের তথ্যানুযায়ী গত ৮ জুন থেকে ১১ জুনের মধ্যে মার্কিন বাহিনীর হামলায় এমটি মারিভেক্স, এমটি সেত্তেবেলো এবং এমটি জালভির নামের তিনটি জাহাজ আক্রান্ত হয়।
এতে তিনজন ভারতীয় নাবিক নিহত হন। অন্যদিকে ইরানের হামলায় আরও চারজন ভারতীয় নাবিকের মৃত্যু হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি ইরানের পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে তেহরানের উত্তেজনা বৃদ্ধির পর থেকেই এই সংঘাত শুরু হয়।
এর একদিন পরই ১ মার্চ ওমান উপকূলে এক ভারতীয় নাবিক নিহত হন। এ ছাড়াও পারস্য উপসাগর ও ওমান উপসাগরে উদ্ভূত পরিস্থিতিতে অন্তত ১৮০ জন ভারতীয় নাবিক মৃত্যুর ঝুঁকিতে পড়েছিলেন বলে জানা গেছে।
এস এম/ ১৬ জুলাই ২০২৬









