ইরানে যুক্তরাষ্ট্রের ভয়াবহ বিমান হামলা: নিহত ৩৫, ফ্লাইট বাতিল একাধিক এয়ারলাইন্সের

তেহরান, ১৬ জুলাই – ইরানের দক্ষিণাঞ্চলে যুক্তরাষ্ট্রের ধারাবাহিক বিমান হামলায় অন্তত ৩৫ জন নিহত এবং তিন শতাধিক মানুষ আহত হয়েছেন। গত কয়েকদিন ধরে চলা এই অভিযানে বন্দর আব্বাস ও চাবাহারসহ বিভিন্ন সামরিক ও বেসামরিক স্থাপনা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়।
হামলার প্রতিক্রিয়ায় মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে মার্কিন স্বার্থসংশ্লিষ্ট স্থাপনা লক্ষ্য করে পাল্টা অভিযান শুরু করেছে তেহরান ও তাদের মিত্ররা। এরই মধ্যে ইরাকের ইরবিলে মার্কিন কনস্যুলেট ও একটি সামরিক ঘাঁটিতে ড্রোন হামলার খবর পাওয়া গেছে।
এছাড়া কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, তারা ইরান থেকে ছোড়া ২০টির বেশি ড্রোন এবং চারটি ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে। এই সংঘাতের প্রভাবে এয়ার কানাডা, এয়ার ফ্রান্স ও এজিয়ান এয়ারলাইন্সসহ বেশ কয়েকটি আন্তর্জাতিক বিমান সংস্থা দুবাই, রিয়াদ, বৈরুত ও তেল আবিবগামী ফ্লাইট বাতিলের ঘোষণা দিয়েছে।
উদ্ভূত পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে ইরান এখন সমঝোতায় আসতে আগ্রহী। তবে তেহরানকে আগে সংযত হতে হবে বলে তিনি উল্লেখ করেন। অন্যদিকে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ সমঝোতার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন।
তিনি জানান, যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি রক্ষা না করলে ইরানও কোনো চুক্তি মানতে বাধ্য নয়। এই উত্তেজনার মধ্যেই তেহরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে ওয়াশিংটন। অস্ত্র ও সরঞ্জাম সংগ্রহ বন্ধের লক্ষ্যে ইরান, রাশিয়া ও নাইজেরিয়ার বেশ কিছু ব্যক্তি ও সংস্থাকে এই নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে।
এস এম/ ১৬ জুলাই ২০২৬









