আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনালের টিকিটের দাম আকাশচুম্বী

লন্ডন, ১৪ জুলাই – বিশ্বকাপ ফুটবলের সেমিফাইনালের মহারণ শুরুর আগেই টিকিটের বাজার উত্তপ্ত হয়ে উঠেছে। এক সেমিফাইনালে লড়বে ফ্রান্স ও স্পেন এবং অন্যটিতে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে ইংল্যান্ড। দেখা গেছে, আর্জেন্টিনা ও ইংল্যান্ডের মধ্যকার ম্যাচের টিকিটের দাম ফ্রান্স ও স্পেন ম্যাচের তুলনায় প্রায় দ্বিগুণ।
টিকিট পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান টিকিটডাটার তথ্য অনুযায়ী, গত সোমবার পর্যন্ত ফ্রান্স বনাম স্পেন সেমিফাইনালের সর্বনিম্ন টিকিটের দাম ছিল ১ হাজার ৩২৫ মার্কিন ডলার। গত তিন দিনে এই দাম প্রায় ২৬ শতাংশ কমেছে। এর বিপরীতে আর্জেন্টিনা ও ইংল্যান্ডের সেমিফাইনালের সবচেয়ে সস্তা টিকিটের দাম ২ হাজার ৮৪১ মার্কিন ডলার।
মাত্র তিন দিনের ব্যবধানে এই টিকিটের দাম ৩৪ শতাংশ বেড়েছে। গত শনিবার এক পর্যায়ে এই দাম ২ হাজার ৯৬৬ ডলার পর্যন্ত উঠেছিল। বিশ্লেষকদের মতে, বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে ঘিরে সমর্থকদের ব্যাপক আগ্রহ এবং যুক্তরাষ্ট্রের আটলান্টা শহরে দলটির বিপুল সমর্থক থাকাই এই মূল্যবৃদ্ধির মূল কারণ।
সেমিফাইনাল ছাড়াও তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের সর্বনিম্ন টিকিটের মূল্য ১ হাজার ৫৪৩ মার্কিন ডলার ধার্য করা হয়েছে। তবে সবচেয়ে বেশি দাম রাখা হয়েছে ফাইনালের টিকিটে। নিউইয়র্ক ও নিউ জার্সির মাঠে অনুষ্ঠেয় শিরোপা নির্ধারণী ম্যাচের সর্বনিম্ন টিকিটের বর্তমান মূল্য ৬ হাজার ৭৬০ মার্কিন ডলার।
যদিও গত ৭২ ঘণ্টায় এই দাম প্রায় ৬ শতাংশ হ্রাস পেয়েছে। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা শেষ মুহূর্তে ফাইনালের দ্বিতীয় শ্রেণির ১ হাজার ২০০টি টিকিট বিক্রির জন্য উন্মুক্ত রেখেছে যার প্রতিটির দাম ৭ হাজার ৩৮০ মার্কিন ডলার। এদিকে বিশ্বকাপের টিকিটের উচ্চমূল্য নিয়ে সমর্থকদের মধ্যে তীব্র সমালোচনা চলছে।
এমনকি অতিরিক্ত মূল্যের অভিযোগে একটি সমর্থক গোষ্ঠী আইনি পদক্ষেপও নিয়েছে। মূলত যুক্তরাষ্ট্রে চাহিদা অনুযায়ী টিকিটের মূল্য পরিবর্তনের বিশেষ নীতির কারণেই এই আকাশচুম্বী দামের সৃষ্টি হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। মাঠের লড়াই শুরুর আগেই টিকিটের এই বাজার দর ফুটবল ভক্তদের মধ্যে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
এস এম/ ১৪ জুলাই ২০২৬









