ফুটবল

২০২৬ ফুটবল বিশ্বকাপ: মাঠের লড়াই ছাপিয়ে আলোচনার কেন্দ্রে একগুচ্ছ বিতর্ক

ওয়াশিংটন, ১৪ জুলাই – ২০২৬ ফুটবল বিশ্বকাপে মাঠের লড়াই যেমন উত্তাপ ছড়াচ্ছে, তেমনি আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে মাঠের বাইরের নানা বিতর্ক। রাজনৈতিক হস্তক্ষেপ, ভিডিও প্রযুক্তির ব্যবহার নিয়ে অসন্তোষ, টিকিটের অস্বাভাবিক দাম এবং হাইড্রেশন বিরতির মতো সিদ্ধান্তগুলো ফুটবল ভক্ত ও বিশেষজ্ঞদের মাঝে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে।

টুর্নামেন্টের অন্যতম আলোচিত ঘটনা ছিল সোমালিয়ার রেফারি ওমর আবদুলকাদির আরতানকে যুক্তরাষ্ট্রে ঢুকতে না দেওয়া। বৈধ ভিসা থাকা সত্ত্বেও নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে তাকে প্রবেশে বাধা দেয় মার্কিন প্রশাসন। আফ্রিকার সেরা রেফারির এমন হেনস্তার ঘটনায় ফিফার নীরব ভূমিকা নিয়ে কঠোর সমালোচনা হয়েছে।

সংস্থাটির সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলেও ফিফার অবস্থান নিয়ে প্রশ্ন থেকেই গেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের খেলোয়াড় ফলারিন বালোগুনের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্তেও রাজনৈতিক প্রভাবের অভিযোগ উঠেছে।

দাবি করা হচ্ছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুরোধের পরই ফিফা তার ওপর থেকে নিষেধাজ্ঞা সরিয়ে নেয়। যদিও ফিফা একে স্বাধীন বিচারিক প্রক্রিয়ার ফল বলে দাবি করেছে, তবুও ইউরোপীয় ফুটবল সংস্থাগুলো এই সিদ্ধান্তের নিরপেক্ষতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে।

ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি বা ভার প্রযুক্তির ব্যবহার নিয়েও ক্ষোভ দেখা গেছে দলগুলোর মধ্যে। বিশেষ করে মিশর ও সুইজারল্যান্ডের ম্যাচে রেফারির কিছু সিদ্ধান্ত সমালোচিত হয়। মিশরের অধিনায়ক মোহাম্মদ সালাহ ও কোচ হোসাম হাসান গোল বাতিলের সিদ্ধান্ত নিয়ে তাদের আপত্তির কথা জানিয়েছেন।

একইভাবে সুইজারল্যান্ডের কোচ মুরাত ইয়াকিনও খেলোয়াড়দের কার্ড দেখানো নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। বিশ্বকাপের টিকিটের দামও সাধারণ দর্শকদের নাগালের বাইরে চলে গেছে। ফাইনাল ম্যাচের টিকিটের দাম কয়েক হাজার ডলার নির্ধারণ করা হয়েছে যা নিয়ে ক্ষুব্ধ ফুটবল সমর্থক গোষ্ঠী আইনি পদক্ষেপ পর্যন্ত নিয়েছে।

এছাড়া বাধ্যতামূলক হাইড্রেশন বিরতি নিয়েও বিতর্ক কম নয়। সমালোচকদের মতে অনেক ক্ষেত্রে আবহাওয়ার তুলনায় এই বিরতি অপ্রয়োজনীয় ছিল এবং এটি কেবল সম্প্রচার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের সুযোগ বাড়ানোর জন্যই করা হয়েছে। শিরোপার দৌড়ে এখন ফ্রান্স, স্পেন, আর্জেন্টিনা ও ইংল্যান্ড টিকে থাকলেও ২০২৬ বিশ্বকাপ ফুটবল ইতিহাসে এসব অমীমাংসিত বিতর্কের জন্য দীর্ঘকাল স্মরণীয় হয়ে থাকবে।

এস এম/ ১৪ জুলাই ২০২৬


Back to top button
🌐 Read in Your Language