স্পেনের বিপক্ষে মাঠে নামার আগে সতর্ক তবে আত্মবিশ্বাসী ফ্রান্স

প্যারিস, ১৩ জুলাই – বিশ্বকাপের হাইভোল্টেজ সেমি-ফাইনালে স্পেনের মুখোমুখি হওয়ার আগে প্রতিপক্ষকে যথেষ্ট সমীহ করছে ফ্রান্স। তবে সেই সমীহকে কোনোভাবেই ভয় বলতে রাজি নন ফরাসি ডিফেন্ডাররা। তাদের দৃঢ় বিশ্বাস, সঠিক প্রস্তুতি নিয়ে মাঠে নামতে পারলে জয় নিয়ে মাঠ ছাড়া সম্ভব।
বাংলাদেশ সময় মঙ্গলবার দিবাগত রাত ১টায় ফাইনালে ওঠার চূড়ান্ত লড়াইয়ে নামবে এই দুই ফুটবল পরাশক্তি। চলতি আসরে ফ্রান্সের আক্রমণভাগ দুর্দান্ত ছন্দে রয়েছে। ছয় ম্যাচে ১৬ গোল করে তারা নিজেদের শক্তির জানান দিয়েছে। অন্যদিকে লুইস দে লা ফুয়েন্তের প্রশিক্ষণে স্পেনও আক্রমণ ও রক্ষণে ভারসাম্য বজায় রেখেছে।
ফরাসি সেন্টার ব্যাক ইব্রাহিমা কোনাতে ম্যাচের আগে তার আত্মবিশ্বাসের কথা জানান। তিনি বলেন, কাউকে ভয় পাওয়ার প্রশ্নই ওঠে না। আমরা সম্ভাব্য সেরা উপায়ে প্রস্তুতি নিচ্ছি এবং আশা করি জয় আমাদেরই হবে। তিনি আরও যোগ করেন, স্প্যানিশ দলে অনেক প্রতিভাবান খেলোয়াড় থাকলেও আমরা দলগত শক্তিতে বিশ্বাসী।
লামিন ইয়ামালকে নিয়ে আলাদা পরিকল্পনা থাকলেও পুরো দলকে রুখতে চায় ফ্রান্স। দলের আরেক রক্ষণভাগের সেনানি ম্যাক্সিম লাকোয়া বলেন, আমরা প্রতিপক্ষকে সম্মান করি কিন্তু ভয় পাই না।
তাদের মান সম্পর্কে আমাদের স্বচ্ছ ধারণা আছে। ইয়ামাল একজন ভয়ংকর খেলোয়াড় হতে পারেন, তবে তাকে থামানোর সব কৌশল আমাদের জানা আছে। সেমি-ফাইনালের এই মহারণে জয় ছিনিয়ে নিতে মরিয়া দিদিয়ে দেশমের দল।
এস এম/ ১৩ জুলাই ২০২৬









