দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ে ৫টি করে চারা রোপণের নির্দেশ

ঢাকা, ১৩ জুলাই – প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির সঙ্গে সংহতি প্রকাশ করে আগামী ১৫ জুলাই দেশের প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আঙিনায় পাঁচটি করে গাছের চারা রোপণের নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। সম্প্রতি অধিদপ্তরের সাধারণ প্রশাসন শাখা থেকে জারি করা এক নির্দেশনায় এই তথ্য জানানো হয়।
সহকারী পরিচালক মো. সাজ্জাদ হোসেন স্বাক্ষরিত এই নির্দেশনায় বলা হয়েছে যে ১৫ জুলাই বুধবার বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানের পাশাপাশি প্রধানমন্ত্রী দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচিতেও অংশ নেবেন।
কর্মসূচির গুরুত্ব বিবেচনায় দেশের প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একই দিনে ও নির্ধারিত সময়ে ফলজ, বনজ ও ঔষধি এই তিন শ্রেণির সমন্বয়ে মোট পাঁচটি করে চারা রোপণ করতে হবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ইতিমধ্যে বিভাগীয় উপ পরিচালকদের নির্দেশ দিয়েছে অধিদপ্তর।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন যে এই উদ্যোগের মাধ্যমে বিদ্যালয় প্রাঙ্গণে সবুজায়ন বৃদ্ধি এবং শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে সচেতনতা তৈরি করাই মূল লক্ষ্য। অধিদপ্তরের পক্ষ থেকে বিষয়টিকে অত্যন্ত জরুরি হিসেবে উল্লেখ করে প্রয়োজনীয় দিকনির্দেশনা সংশ্লিষ্ট সকল দপ্তরে পাঠানো হয়েছে।
এস এম/ ১৩ জুলাই ২০২৬









