ক্রিকেট

বেন কারানের সেঞ্চুরিতে বাংলাদেশের সামনে ২৪৮ রানের লক্ষ্য

হারারে, ৯ জুলাই – হারারে স্পোর্টস ক্লাবে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। ইনিংসের শুরুটা টাইগারদের জন্য বেশ আশাব্যঞ্জক ছিল।

প্রথম ওভারেই ব্রায়ান বেনেটকে বোল্ড করে জিম্বাবুয়ে শিবিরে প্রথম আঘাত হানেন তাসকিন আহমেদ। নিজের দ্বিতীয় ওভারে এসে ইনোসেন্ট কাইয়াকেও সাজঘরের পথ দেখান এই ডানহাতি পেসার।

জিম্বাবুয়ে মাত্র ৮ রানে ২ উইকেট হারিয়ে প্রাথমিক বিপর্যয়ে পড়ে যায়। দলীয় ৩২ রানে ক্রেইগ এরভিনও আউট হলে স্বাগতিকদের বিপদ আরও ঘনীভূত হয়। তবে এক প্রান্ত আগলে রেখে দারুণ ব্যাটিং প্রদর্শন করেন ওপেনার বেন কারান। তাকে যোগ্য সঙ্গ দেন ওয়েসলি মাধেভেরে ও অভিজ্ঞ সিকান্দার রাজা। কারান ও রাজা মিলে পঞ্চম উইকেটে ৯৫ বলে ৬৯ রানের গুরুত্বপূর্ণ এক জুটি গড়ে তোলেন। টাইগার অধিনায়ক মিরাজ ব্যক্তিগত ৩৩ রানে রাজাকে আউট করে এই জুটি ভাঙেন।

শেষ দিকে ব্রাড ইভান্স ঝোড়ো ব্যাটিং শুরু করলে জিম্বাবুয়ের রান দ্রুত বাড়তে থাকে। ইভান্স মাত্র ৩৮ বলে ৫৮ রানের একটি কার্যকর ইনিংস খেলেন। ইনিংসের শেষ ওভারে তাসকিন আহমেদের বল থেকে ৩টি ছক্কা ও ১টি চারসহ মোট ২২ রান তুলে নেন ইভান্স। অন্যপ্রান্তে বেন কারান ১৩৫ বলে ১১১ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। তার এই অসামান্য ইনিংসে ছিল ১১টি বাউন্ডারি। নির্ধারিত ৫০ ওভার শেষে ৭ উইকেটে ২৪৭ রান সংগ্রহ করে জিম্বাবুয়ে।

বাংলাদেশের পক্ষে তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজ ২টি করে উইকেট শিকার করেন। এছাড়া নাহিদ রানা ও রিশাদ হোসেন ১টি করে উইকেট পান।

সিরিজে ১ শূন্য ব্যবধানে পিছিয়ে থাকা বাংলাদেশের জন্য ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমতায় ফিরতে হলে সফরকারী দলকে এখন ২৪৮ রানের লক্ষ্য তাড়া করতে হবে।

এনএন/ ৯ জুলাই ২০২৬


Back to top button
🌐 Read in Your Language