ফুটবল

বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায় নিলেও বড় অঙ্কের অর্থ পাচ্ছে মিশর

কায়রো, ৮ জুলাই – ২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে আর্জেন্টিনার বিপক্ষে জয়ের সম্ভাবনা জাগিয়েও বিদায় নিতে হয়েছে মিশরকে। ম্যাচে এক পর্যায়ে ২-০ গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে পরাজয় বরণ করে তারা। আর্জেন্টিনার বিপক্ষে এই হার সত্ত্বেও এবারের বিশ্বকাপ অভিযান মিশরের জন্য অত্যন্ত গৌরবময় ও স্মরণীয় হয়ে থাকবে।

তারা প্রথমবারের মতো নকআউট পর্বে অস্ট্রেলিয়াকে পরাজিত করে ইতিহাস গড়েছিল। এই আসরে মিশর একাধিক নতুন রেকর্ডও অর্জন করেছে।

নিজেদের ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপের এক আসরে পাঁচটি ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করেছে দলটি। এছাড়া পুরো টুর্নামেন্টে মোট ৮ গোল করার মাধ্যমে বিশ্বকাপের একক আসরে সর্বোচ্চ গোলের রেকর্ডও পুনর্লিখন করেছে মিশরীয়রা।

মাঠের অসাধারণ পারফরম্যান্সের পাশাপাশি আর্থিকভাবেও লাভবান হচ্ছে ইজিপশিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন।

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী মিশর প্রায় ১৮.৫ মিলিয়ন মার্কিন ডলার বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২২৮ কোটি টাকা পুরস্কার পেতে যাচ্ছে। প্রাইজমানি কাঠামোর আওতায় বিশ্বকাপে অংশগ্রহণের প্রস্তুতি হিসেবে তারা পেয়েছে ২.৫ মিলিয়ন ডলার।

মূল আসরে জায়গা করে নেওয়ার জন্য বরাদ্দ ছিল ১০ মিলিয়ন ডলার এবং নকআউট পর্বের শেষ ষোলোতে জায়গা করে নেওয়ার পুরস্কার হিসেবে আরও ৬ মিলিয়ন ডলার যুক্ত হয়েছে। সব মিলিয়ে এক বিশাল আর্থিক প্রাপ্তি নিয়ে বিশ্বকাপ মিশন শেষ করল আফ্রিকার এই প্রতিনিধিরা।

এনএন/ ৮ জুলাই ২০২৬


Back to top button
🌐 Read in Your Language