ফুটবল

২০২৬ বিশ্বকাপ: পর্তুগাল ও যুক্তরাষ্ট্র বিদায় নিতেই টিকিটের দামে ধস

ওয়াশিংটন, ৮ জুলাই – ২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল পর্ব শুরুর আগেই টিকিটের বাজারে বড় ধরনের দরপতন লক্ষ্য করা গেছে। টুর্নামেন্টের শেষ ষোলো থেকে ক্রিশ্চিয়ানো রোনালদোর নেতৃত্বাধীন পর্তুগাল এবং স্বাগতিক যুক্তরাষ্ট্র বিদায় নেওয়ায় টিকিটের চাহিদায় ভাটা পড়েছে।

যার ফলে আসন্ন ম্যাচগুলোর টিকিটের দাম উল্লেখযোগ্যভাবে কমে গেছে। টিকিট বিক্রয়কারী প্রতিষ্ঠান টিকপিক এর তথ্যমতে শুক্রবার অনুষ্ঠিত হতে যাওয়া স্পেন ও বেলজিয়াম ম্যাচের সর্বনিম্ন টিকিটের মূল্য ২ হাজার ৯৫০ ডলার থেকে কমে ১ হাজার ২০০ ডলারে দাঁড়িয়েছে।

ফুটবল বিশ্লেষকদের মতে পর্তুগাল ও যুক্তরাষ্ট্রের মত জনপ্রিয় দলগুলো বিদায় নেওয়ায় ফুটবল প্রেমীদের আগ্রহে এই নেতিবাচক প্রভাব পড়েছে। অন্য ম্যাচগুলোর মধ্যে ফ্রান্স বনাম মরক্কো ম্যাচের টিকিটের দাম বর্তমানে সবচেয়ে কম যা প্রায় ৯৮৯ ডলার।

কোয়ার্টার ফাইনালের অন্য লড়াইগুলোতে মুখোমুখি হবে ইংল্যান্ড ও নরওয়ে এবং সুইজারল্যান্ড ও আর্জেন্টিনা। ম্যাচগুলো ফক্সবোরো ইনগলউড মায়ামি এবং ক্যানসাস সিটির বিভিন্ন স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এস এম/ ৮ জুলাই ২০২৬


Back to top button
🌐 Read in Your Language