ফুটবল

বিশ্বকাপে গিমারাইসের পেনাল্টি মিসে ফিরল জিকোর সেই তিক্ত স্মৃতি

ব্রাসিলিয়া, ৬ জুলাই – বিশ্বকাপের নকআউট পর্বে নরওয়ের বিপক্ষে ব্রাজিলের সাম্প্রতিক হার ৪০ বছর আগের এক বেদনাদায়ক স্মৃতিকে পুনরায় জাগিয়ে তুলেছে। ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে ব্রুনো গিমারাইসের পেনাল্টি মিস ফুটবল সমর্থকদের মনে করিয়ে দিয়েছে ১৯৮৬ বিশ্বকাপে কিংবদন্তি জিকোর সেই ব্যর্থ স্পটকিকের কথা।

নিউ জার্সিতে অনুষ্ঠিত এই ম্যাচের ১৪তম মিনিটে পেনাল্টি পায় সেলেসাওরা। উপস্থিত দর্শকরা ধারণা করেছিলেন ভিনিসিয়ুস জুনিয়র শটটি নেবেন। তবে সবাইকে অবাক করে দিয়ে তিনি বলটি ব্রুনো গিমারাইসের হাতে তুলে দেন।

ক্যারিয়ারে আগের তিনটি পেনাল্টিতে সফল হলেও জাতীয় দলের হয়ে বড় মঞ্চে এটিই ছিল গিমারাইসের প্রথম পেনাল্টি এবং দুর্ভাগ্যজনকভাবে তিনি সেটি লক্ষ্যভেদ করতে ব্যর্থ হন। যদিও পরে নেইমার একটি পেনাল্টি থেকে গোল করেছিলেন, তবে শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে যায় ব্রাজিল।

পরিসংখ্যান অনুযায়ী, ১৯৮৬ সালে ফ্রান্সের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে জিকোর মিসের পর এটিই বিশ্বকাপে টাইব্রেকার বাদে ব্রাজিলের প্রথম পেনাল্টি মিস। এর আগে ১৯৯৪ থেকে টানা ছয়টি পেনাল্টিতে সফল হয়েছিল ব্রাজিল। রাই, রোনালদো, রিভালদো, রোনালদিনিও এবং নেইমার এই দীর্ঘ সময়ে কেউই স্পটকিক থেকে ব্যর্থ হননি।

এই হারের মাধ্যমে ব্রাজিল একটি অনাকাঙ্ক্ষিত রেকর্ডে নাম লিখিয়েছে। বিশ্বকাপের নকআউট পর্বে এক ম্যাচে দুটি পেনাল্টি পেয়েও হেরে যাওয়া চতুর্থ দল এখন তারা। এর আগে আয়ারল্যান্ড, ইংল্যান্ড এবং ফ্রান্সের ক্ষেত্রেও এমন ঘটনা ঘটেছিল।

এস এম/ ৬ জুলাই ২০২৬


Back to top button
🌐 Read in Your Language