ঢালিউড

গ্যালারিতে বসেই ব্রাজিলের বিদায় উদ্‌যাপন করলেন মেহজাবীন!

নিউ জার্সি, ৬ জুলাই – চলমান ২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ষোলোর লড়াইয়ে নরওয়ের কাছে ২-১ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। চিরপ্রতিদ্বন্দ্বী দলের এমন বিদায়ে গ্যালারিতে বসে উল্লাস প্রকাশ করেছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী।

আর্জেন্টিনার কট্টর সমর্থক হিসেবে পরিচিত এই তারকা যুক্তরাষ্ট্রের মেটলাইফ স্টেডিয়ামে উপস্থিত থেকে সরাসরি ম্যাচটি উপভোগ করেন। ম্যাচ চলাকালীন এবং পরবর্তীতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একাধিক ছবি ও ভিডিও শেয়ার করে ব্রাজিলের বিদায় উদযাপন করেন তিনি।

গ্যালারি থেকে পোস্ট করা একটি ছবির ক্যাপশনে মেহজাবীন রসিকতা করে লেখেন, ব্রাজিলকে দু একটা ফুটবলের টিপস দিতে এলাম। তিনি আরও যোগ করেন যে তিনি একজন আর্জেন্টিনা সমর্থক। ম্যাচ চলাকালে লাল রঙের টপস ও সবুজ স্কার্ট পরিহিত মেহজাবীনকে বাংলাদেশের জাতীয় পতাকা ওড়াতেও দেখা যায়।

ভক্তদের উদ্দেশ্যে একটি পোস্টে তিনি লেখেন, ফোনের চার্জ যত শতাংশ, ব্রাজিলের হারার সম্ভাবনাও তত। শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে ব্রাজিলের বিদায় নিশ্চিত হলে গ্যালারিতে হাত উঁচিয়ে উল্লাস প্রকাশ করেন এই অভিনেত্রী। পরবর্তীতে স্টেডিয়ামের বড় পর্দায় নরওয়ের জয় এবং ব্রাজিলের বিদায়ের মুহূর্তকে পেছনে রেখে একটি ভিডিও পোস্ট করে তিনি লেখেন, বাই বাই ব্রাজিল।

মেহজাবীনের এই ট্রল ও উচ্ছ্বাসভরা পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনার জন্ম দিয়েছে।

উল্লেখ্য যে, ব্রাজিলকে হারিয়ে নরওয়ে জাতীয় ফুটবল দল ইতিহাসে প্রথমবারের মতো ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে।

এনএন/ ৬ জুলাই ২০২৬


Back to top button
🌐 Read in Your Language