জাতীয় জাদুঘরে মেসির স্বাক্ষর করা জার্সি ঘিরে দর্শনার্থীদের ভিড়

ঢাকা, ৫ জুলাই – ফুটবল বিশ্বের অন্যতম মহাতারকা লিওনেল মেসির স্বাক্ষর করা আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের একটি জার্সি এখন বাংলাদেশ জাতীয় জাদুঘরে প্রদর্শিত হচ্ছে। স্মারকটি স্বচক্ষে দেখতে প্রতিদিন জাদুঘরে ভিড় জমাচ্ছেন শত শত দর্শনার্থী।
এই জার্সিতে কেবল মেসির নয় বরং জুলিয়ান আলভারেজ এবং এনজো ফার্নান্দেজের অটোগ্রাফও রয়েছে। তারা প্রত্যেকেই ২০২২ সালের কাতার বিশ্বকাপে চ্যাম্পিয়ন দলের সদস্য। স্মারকটি উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাদুঘরের একটি নির্দিষ্ট প্রদর্শনী কক্ষে বিশেষভাবে বাঁধাই করা ফ্রেমে এই ঐতিহাসিক জার্সিটি সংরক্ষণ করা হয়েছে।
প্রদর্শনীতে আসা বিভিন্ন বয়সী দর্শনার্থীরা জার্সিটির সামনে ছবি তুলে সেই মুহূর্তগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করছেন। অনেকের কাছে এটি বিশ্ব ফুটবলের ইতিহাসের এক অমূল্য স্মারক হিসেবে বিবেচিত হচ্ছে। জার্সিটির ফ্রেমে দেশের শীর্ষ প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান ওয়ালটনের লোগো দৃশ্যমান রয়েছে।
প্রতিষ্ঠানটি আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের রিজিওনাল পার্টনার হিসেবে কাজ করছে। জাদুঘর কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে যে প্রতিদিন বিপুল সংখ্যক ক্রীড়াপ্রেমী মেসির স্বাক্ষরিত এই জার্সি দেখতে আসছেন। বিশেষ করে তরুণ প্রজন্মের মাঝে এই প্রদর্শনী নিয়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে।
অনেকেই এটিকে দেশের ফুটবল ইতিহাসের অন্যতম আকর্ষণীয় একটি প্রদর্শনী হিসেবে আখ্যা দিয়েছেন। বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসির ব্যবহৃত ও স্বাক্ষরিত যেকোনো সরঞ্জাম বিশ্বজুড়ে ভক্তদের কাছে গভীর আবেগ ও মূল্যের প্রতীক। সেই ধারাবাহিকতায় বাংলাদেশ জাতীয় জাদুঘরে সংরক্ষিত এই জার্সিটি বর্তমানে ফুটবলপ্রেমীদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
এস এম/ ৫ জুলাই ২০২৬









