জাতীয়

ভারতীয় ভিসা আবেদনের অ্যাপয়েন্টমেন্ট স্লটে নতুন নিয়ম কার্যকর

ঢাকা, ৩০ জুন – ভারতীয় ভিসা আবেদনের অ্যাপয়েন্টমেন্ট স্লট বরাদ্দে নতুন সিদ্ধান্ত নিয়েছে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভ্যাক)। বুধবার থেকে নতুন এই ব্যবস্থা কার্যকর করা হচ্ছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আবেদনকারীরা এখন থেকে নিজেদের পছন্দমতো অ্যাপয়েন্টমেন্টের সময় বা টাইম স্লট নির্বাচন করতে পারবেন না।

এর পরিবর্তে আবেদন জমা দেওয়ার সময় স্বয়ংক্রিয়ভাবে খালি থাকা একটি সময় আবেদনকারীর জন্য বরাদ্দ করবে সিস্টেম। আইভ্যাক জানিয়েছে যে ১ জুলাই থেকে বাংলাদেশের সব ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র সব ধরনের ভিসার ক্ষেত্রে টাইম স্লটভিত্তিক আবেদন জমা দেওয়ার এই নতুন ব্যবস্থা চালু করছে।

প্রতিটি আইভ্যাক কেন্দ্রের দৈনিক আবেদন গ্রহণের সক্ষমতার ভিত্তিতে সিস্টেম ক্রমানুসারে আবেদনকারীদের জন্য সময় নির্ধারণ করে দেবে। এর ফলে অ্যাপয়েন্টমেন্ট বুকিংয়ের সময় আবেদনকারীদের আলাদাভাবে কোনো টাইম স্লট পছন্দ করার প্রয়োজন হবে না।

ভিসা আবেদন প্রক্রিয়া নির্বিঘ্নে সম্পন্ন করতে এবং সময়মতো জমা দেওয়ার উদ্দেশ্যে অ্যাপয়েন্টমেন্ট নিশ্চিতকরণে উল্লেখিত নির্ধারিত সময় অনুযায়ী সংশ্লিষ্ট আইভ্যাকে উপস্থিত থাকার জন্য আবেদনকারীদের পরামর্শ দেওয়া হয়েছে।

এস এম/ ৩০ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language