হুলিয়ান নাকি লাওতারো? আর্জেন্টিনার ‘নম্বর ৯’ পজিশন নিয়ে স্কালোনির মধুর মাথাব্যথা!

বুয়েনোস আইরেস, ২৯ জুন – বিশ্বকাপের মঞ্চে অবশেষে খরা কাটলো লাওতারো মার্টিনেজের। জর্ডানের বিপক্ষে পেনাল্টি থেকে করা নিখুঁত গোলটি কেবল আর্জেন্টিনাকে ম্যাচে এগিয়েই দেয়নি, বরং ইন্টার মিলান স্ট্রাইকারকে এনে দিয়েছে তার ক্যারিয়ারের প্রথম বিশ্বকাপ গোল। কাতার বিশ্বকাপে অফসাইডের গেরোয় পড়ে দুটি গোল বাতিল হওয়ার যে হতাশা তাকে পুড়িয়েছিল, জর্ডান ম্যাচেই যেন তার মুক্তি মিললো।
আর এই এক গোলেই আর্জেন্টিনার আক্রমণভাগের সমীকরণটা এক ধাক্কায় অনেকটাই বদলে গেছে। বিশেষ করে নকআউট পর্বে কেপ ভার্দের বিপক্ষে বাঁচা-মরার ম্যাচের আগে কোচ লিওনেল স্কালোনির সামনে এখন সবচেয়ে বড় প্রশ্ন— আক্রমণভাগের মূল কাণ্ডারি বা ‘নম্বর নাইন’ হিসেবে কে নামবেন? লাওতারো নাকি হুলিয়ান আলভারেজ?
ইনজুরি বনাম ফর্ম: যেখানে এগিয়ে লাওতারো
লাওতারো ও আলভারেজের এই দ্বৈরথ আর্জেন্টিনার ফুটবল ভক্তদের কাছে নতুন কিছু নয়। স্কালোনির পুরো মেয়াদে এই দুজনেই সমানতালে লড়াই করেছেন মূল একাদশে জায়গা পেতে। তবে বিশ্বকাপের ঠিক আগমুহূর্তে বাম গোড়ালির ইনজুরি অ্যাটলেটিকো মাদ্রিদের তারকা হুলিয়ান আলভারেজকে কিছুটা ব্যাকফুটে ঠেলে দেয়। চোটের ধকল কাটিয়ে আলভারেজ এখনো নিজের চেনা ছন্দ পুরোপুরি খুঁজে পাননি।
ঠিক এই জায়গাতেই দারুণভাবে ফায়দা লুটেছেন লাওতারো মার্টিনেজ। বিশ্বকাপের আগে হন্ডুরাসের বিপক্ষে প্রীতি ম্যাচে পেনাল্টি থেকে গোল, এরপর আইসল্যান্ডের বিপক্ষেও সুযোগের সদ্ব্যবহার— সব মিলিয়ে দারুণ ফর্মে আছেন এই ইন্টার মিলান ফরোয়ার্ড। জর্ডানের বিপক্ষে গোলটি সেই ধারাবাহিকতারই ফসল।
দুই স্ট্রাইকারের সাম্প্রতিক ফর্মের গ্রাফটা বেশ কৌতূহল উদ্দীপক:
লাওতারো মার্টিনেজ: দীর্ঘ গোলখরার পর অবশেষে জালের দেখা পেলেন। জর্ডানের বিপক্ষে গোলের আগে তিনি সবশেষ গোল করেছিলেন গত বছরের সেপ্টেম্বরে, ভেনেজুয়েলার বিরুদ্ধে।
হুলিয়ান আলভারেজ: আলভারেজের সর্বশেষ আন্তর্জাতিক গোলটি এসেছিল চলতি বছরের মার্চে। আর তার আগের গোলটির জন্য তাকে অপেক্ষা করতে হয়েছিল গত বছরের জুন পর্যন্ত।
পরিসংখ্যান বলছে, দুজনেই জাতীয় দলের জার্সিতে সাম্প্রতিক সময়ে কিছুটা স্ট্রাগল করেছেন। তবে জর্ডান ম্যাচে লাওতারোর গোল তাকে মানসিকভাবে অনেকটাই এগিয়ে রাখবে।
কেপ ভার্দে ম্যাচে স্কালোনির কৌশল কী হবে?
জর্ডানের বিপক্ষে ম্যাচে লাওতারো ও আলভারেজ দুজনকে একসঙ্গে মাঠে দেখা গেলেও, কেপ ভার্দের বিপক্ষে নকআউটের গুরুত্বপূর্ণ ম্যাচে সেই সম্ভাবনার গুড়ে বালি। আলবিসেলেস্তেদের আক্রমণভাগের মূল চালিকাশক্তি চিরকালই লিওনেল মেসি। মেসিকে কেন্দ্র করেই সাজানো হবে বাকি কৌশল।
আপাতত পারফরম্যান্স ও মানসিক শক্তির বিচারে পাল্লা ভারী লাওতারোর দিকেই। তবে স্কালোনি বরাবরই চমক দিতে ভালোবাসেন। আগামী কয়েকদিনের কঠোর অনুশীলন সেশন পর্যবেক্ষণ করেই তিনি চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। কেপ ভার্দের রক্ষণভাগ চূর্ণ করতে স্কালোনির তুরুপের তাস কে হচ্ছেন— লাওতারো নাকি আলভারেজ, তা দেখতে উন্মুখ ফুটবল বিশ্ব।
এনএন/ ২৯ জুন ২০২৬









