জাতীয়

জুন মাসের ২৮ দিনে দেশে এলো ২৫৮ কোটি ডলারের প্রবাসী আয়

ঢাকা, ২৯ জুন – চলতি জুন মাসের প্রথম ২৮ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ২৫৮ কোটি ৬০ লাখ মার্কিন ডলার। বাংলাদেশ ব্যাংকের দেওয়া তথ্য অনুযায়ী এ সময়ে প্রতিদিন গড়ে দেশে ৯ কোটি ২৪ লাখ ডলার রেমিট্যান্স এসেছে।

সোমবার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এই পরিসংখ্যান তুলে ধরেন। তিনি জানান গত বছরের একই সময়ে রেমিট্যান্সের পরিমাণ ছিল ২৫৪ কোটি ডলার। চলতি অর্থবছরের জুলাই থেকে ২৮ জুন পর্যন্ত দেশে মোট ৩ হাজার ৫৩৪ কোটি ৩০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে।

বছর ব্যবধানে এই প্রবাসী আয় বৃদ্ধির হার ১৭ দশমিক ৬০ শতাংশ। পরিসংখ্যানে দেখা যায় গত মে মাসে দেশে প্রবাসী আয় এসেছিল ৩৪২ কোটি ৫০ লাখ ৩০ হাজার মার্কিন ডলার যা দেশের ইতিহাসে কোনো এক মাসে দ্বিতীয় সর্বোচ্চ। এর আগে গত মার্চ মাসে ৩৭৫ কোটি ৫০ লাখ ৫০ হাজার ডলার রেমিট্যান্স আসার মাধ্যমে নতুন রেকর্ড তৈরি হয়েছিল।

এছাড়া চলতি বছরের এপ্রিলে ৩১২ কোটি ৭৩ লাখ ডলার ফেব্রুয়ারিতে ৩০২ কোটি ৭ লাখ এবং জানুয়ারিতে ৩১৭ কোটি ৯ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। গত বছরের শেষ দিকেও রেমিট্যান্স প্রবাহ ছিল উর্ধ্বমুখী। গত ডিসেম্বর ও নভেম্বরে যথাক্রমে ৩২২ কোটি ৬৭ লাখ ও ২৮৮ কোটি ৯৫ লাখ ডলার রেমিট্যান্স এসেছে।

এছাড়া অক্টোবর ও সেপ্টেম্বর মাসে রেমিট্যান্স প্রবাহ ছিল যথাক্রমে ২৫৬ কোটি ৩৪ লাখ ও ২৬৮ কোটি ৫৮ লাখ ডলার। অন্যদিকে আগস্ট ও জুলাই মাসে দেশে প্রবাসী আয় এসেছিল ২৪২ কোটি ১৮ লাখ ও ২৪৭ কোটি ৮০ লাখ ডলার। সামগ্রিকভাবে বিদায়ী অর্থবছরে প্রবাসীদের পাঠানো আয়ের পরিমাণ ছিল দেশের ইতিহাসে সর্বোচ্চ।

এস এম/ ২৯ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language