অস্ট্রিয়া-আলজেরিয়া নাটকীয় ড্রয়ে বিশ্বকাপ থেকে বিদায় নিলো ইরান

তেহরান, ২৮ জুন – বিশ্বকাপ ফুটবলের গ্রুপ পর্বের লড়াই শেষে নাটকীয় এক সমীকরণে ছিটকে গেল ইরান। জে গ্রুপের শেষ ম্যাচে আলজেরিয়া ও অস্ট্রিয়ার মধ্যকার লড়াইটি ৩-৩ গোলে ড্র হওয়ায় কপাল পুড়ল ইরানিদের। এই ড্রয়ের ফলে গ্রুপ থেকে আলজেরিয়া ও অস্ট্রিয়া দুই দলই নকআউট পর্ব নিশ্চিত করেছে।
জে গ্রুপ থেকে টানা তিন জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরবর্তী রাউন্ডে উঠেছে আর্জেন্টিনা। অন্যদিকে অস্ট্রিয়া রানার্সআপ হিসেবে শেষ বত্রিশে জায়গা করে নিয়েছে। পরের রাউন্ডে অস্ট্রিয়ার প্রতিপক্ষ হিসেবে থাকছে স্পেন। এছাড়া এই গ্রুপ থেকে তৃতীয় দল হিসেবে দ্বিতীয় রাউন্ডে পা রেখেছে আলজেরিয়া। তারা খেলবে সুইজারল্যান্ডের বিপক্ষে।

জি গ্রুপে বেলজিয়াম, নিউজিল্যান্ড ও মিশরের বিপক্ষে সবকটি ম্যাচ ড্র করে ৩ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে ছিল ইরান। সেরা তৃতীয় দল হিসেবে নকআউট পর্বে ওঠার ক্ষীণ আশা টিকে ছিল তাদের। কিন্তু আলজেরিয়া ও অস্ট্রিয়া ম্যাচের নাটকীয়তা ইরানের সেই স্বপ্ন ধুলিসাৎ করে দেয়।
ম্যাচের অতিরিক্ত সময়ে আলজেরিয়া ৩-২ ব্যবধানে এগিয়ে গেলে ইরানের পরের পর্বে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল। তবে খেলার একেবারে শেষ মিনিটে গোল করে সমতা ফেরায় অস্ট্রিয়া। ৩-৩ গোলের এই ড্রয়ের ফলে গোল ব্যবধান ও পয়েন্টের হিসেবে অস্ট্রিয়া ও আলজেরিয়া এগিয়ে যাওয়ায় টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয় ইরানকে।
এনএন/ ২৮ জুন ২০২৬









