শিক্ষা

বৈষম্য দূর করতে ৯ বোর্ডে অভিন্ন প্রশ্নে এইচএসসি পরীক্ষা: শিক্ষামন্ত্রী

বরিশাল, ২৫ জুন – দেশের শিক্ষা ব্যবস্থায় বিদ্যমান বৈষম্য নিরসনে এবার নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে একক ও অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আসন্ন এইচএসসি ও সমমান পরীক্ষা ২০২৬ উপলক্ষে বরিশাল অঞ্চলের কেন্দ্র সচিবদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এই ঘোষণা দেন।

প্রশ্ন ফাঁসের যেকোনো ধরনের অপচেষ্টা বা কারসাজি কঠোরভাবে দমনের হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, এবার প্রশ্ন ফাঁসের কোনো চেষ্টা করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে এমন দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে যা অপরাধীদের জন্য আজীবন শিক্ষা হয়ে থাকবে।

বরিশাল শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে বরিশাল শিক্ষা বোর্ড আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন বরিশাল বিভাগীয় কমিশনার খলিল আহমেদ। মন্ত্রী বলেন, সারা বিশ্বে ও লেভেল বা এ লেভেল পরীক্ষা একই প্রশ্নে হতে পারলে আমাদের দেশে বোর্ডভেদে আলাদা প্রশ্ন হওয়ার যৌক্তিকতা নেই।

আগে প্রশ্ন ফাঁসের আশঙ্কায় আলাদা করা হতো, কিন্তু এবার প্রশ্ন ফাঁসই হতে দেওয়া হবে না। কোনো বোর্ডের প্রশ্ন সহজ আর কোনোটির কঠিন হওয়ার কারণে জিপিএ বৈষম্য তৈরি হয়, যা থেকে শিক্ষার্থীদের মুক্তি দিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিগত সরকারের আমলের ঢালাও পাসের সমালোচনা করে মন্ত্রী উল্লেখ করেন যে, সেই সময়ের নীতি ছিল না পড়ে বা নকল করে পাস করিয়ে দেওয়া। তিনি মেধার ওপর গুরুত্বারোপ করে বলেন, বর্তমান সরকার শিক্ষার গুণগত মান ফিরিয়ে আনতে বদ্ধপরিকর এবং শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন আনতে কাজ করে যাচ্ছে।

মাদ্রাসা শিক্ষকদের বকেয়া বেতন প্রসঙ্গে মন্ত্রী জানান, বিগত সরকার পর্যাপ্ত বাজেট বরাদ্দ না রেখেই বিপুল সংখ্যক শিক্ষক নিয়োগ দেওয়ায় আর্থিক সংকট তৈরি হয়েছিল।

তবে জুলাই মাসের মধ্যে সকল বকেয়া বেতন ও এমপিও পরিশোধ করা হবে। শিক্ষকদের বেতন ও সুযোগ-সুবিধা পর্যায়ক্রমে বৃদ্ধির আশ্বাস দিয়ে তিনি কেন্দ্র সচিবদের পরীক্ষার শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান।

এস এম/ ২৫ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language