বলিউড

মা হতে চলেছেন দক্ষিণ ভারতীয় জনপ্রিয় তারকা সামান্থা রুথ প্রভু

মুম্বাই, ২৫ জুন – দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু মা হতে যাওয়ার খবরটি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন। সম্প্রতি তার মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ‘মা ইন্টি বাঙ্গারাম’-এর সাফল্য উদযাপন অনুষ্ঠানে তিনি এই সুখবরটি ভক্তদের সাথে ভাগ করে নেন।

এর মধ্য দিয়ে গত কয়েক দিন ধরে তার মাতৃত্ব নিয়ে চলা সব জল্পনা-কল্পনার অবসান ঘটল। অনুষ্ঠানে গণমাধ্যমকে সামান্থা জানান যে, বর্তমান হাতে থাকা কাজগুলো সম্পন্ন করার পর তিনি অভিনয় থেকে সাময়িক বিরতি নেবেন। নিজের শারীরিক অবস্থার পরিবর্তনের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘মা ইন্টি বাঙ্গারাম’ চলচ্চিত্রের সফলতার পর বর্তমান পরিস্থিতির কারণে আমাকে একটি ছোট বিরতি নিতে হচ্ছে।

মূলত মাতৃত্বকালীন ছুটির জন্যই এই সিদ্ধান্ত। তবে বিরতি শেষে নতুন কাজ নিয়ে পুনরায় পর্দায় ফেরার প্রতিশ্রুতি দিয়েছেন এই অভিনেত্রী। গত কয়েক দিন ধরেই সামাজিক যোগাযোগমাধ্যমে সামান্থার মা হতে যাওয়ার গুঞ্জন নিয়ে ব্যাপক আলোচনা চলছিল।

বিশেষ করে এই ছবির সাফল্য উদযাপনের কিছু ভিডিও অনলাইনে আসার পর ভক্তরা তার অবয়বে মাতৃত্বের ছাপ লক্ষ্য করেন। সামান্থা ও রাজ ২০২৩ সালের ১ ডিসেম্বর কোয়েম্বাটুরের ঈশা ফাউন্ডেশনে এক ঘরোয়া আয়োজনের মাধ্যমে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন।

এর আগে এই দম্পতি জনপ্রিয় ওয়েব সিরিজ ‘দ্য ফ্যামিলি ম্যান ২’-এ একসঙ্গে কাজ করেছিলেন। পরবর্তীতে ওয়ার্ল্ড পিকলবল লিগে রাজের সাথে সামান্থার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে আসার পর থেকেই তাদের সম্পর্কের বিষয়ে আলোচনা শুরু হয়।

নন্দিনী রেড্ডি পরিচালিত ‘মা ইন্টি বাঙ্গারাম’ একটি পারিবারিক অ্যাকশন-কমেডি ধাঁচের সিনেমা। ছবিটির চিত্রনাট্য লিখেছেন রাজ নিদিমোরু এবং বসন্ত মারিঙ্গান্তি। ছবিটিতে অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন গুলশান দেবায়া, দিগন্ত মনচালে এবং গৌতমী তাডিমাল্লাসহ আরও অনেকে।

এস এম/ ২৫ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language