জাতীয়

সাংবাদিকদের ওপর জামায়াত নেতাকর্মীদের হামলার ঘটনায় ছাত্রদলের তীব্র নিন্দা ও প্রতিবাদ

ঢাকা, ২৩ জুন – রাজধানীর ধানমন্ডি ৩২ এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে গণমাধ্যমকর্মীদের ওপর জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বর্বরোচিত হামলা ও লাঞ্ছনার ঘটনায় গভীর উদ্বেগ ও প্রতিবাদ জানিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। মঙ্গলবার সংগঠনের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এক যৌথ বিবৃতিতে এই নিন্দা জানান।

বিবৃতিতে ছাত্রদল নেতৃবৃন্দ বলেন,

পেশাগত দায়িত্ব পালনকালে দৈনিক সকালের মাল্টিমিডিয়া রিপোর্টার মাহফুজুর রহমান শিশির, যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার রাব্বী সিদ্দিকী এবং কালবেলার সংবাদকর্মী আব্দুর রহমান ইশানসহ বেশ কয়েকজন গণমাধ্যমকর্মীর ওপর সন্ত্রাসী কায়দায় হামলা চালানো হয়েছে।

বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী,

ঘটনাস্থলে উপস্থিত আরও প্রায় ২০ থেকে ২৫ জন সংবাদকর্মী জামায়াত নেতাকর্মীদের এই হামলার শিকার ও লাঞ্ছিত হন। ছাত্রদল জানিয়েছে, গণমাধ্যমের কণ্ঠরোধ করা এবং সাংবাদিকদের ওপর হামলা চালানো যেকোনো স্বাধীন ও গণতান্ত্রিক সমাজের পরিপন্থী।

বিরোধী দলে থাকতেই যেভাবে প্রকাশ্য দিবালোকে কর্তব্যরত সাংবাদিকদের ওপর আক্রমণ চালানো হয়েছে, তা অত্যন্ত আশঙ্কাজনক। নেতৃবৃন্দ মনে করেন, এই ঘটনা প্রমাণ করে যে সংশ্লিষ্টরা ভিন্নমত সহ্য করতে পারে না এবং দেশকে একটি উগ্র ও অসহিষ্ণু কাঠামোর দিকে ঠেলে দিতে চায়।

যৌথ বিবৃতিতে আরও উল্লেখ করা হয়,

পেশাদার সংবাদকর্মীদের ওপর এই বর্বরোচিত হামলার মধ্য দিয়ে এটি স্পষ্ট হয়েছে যে, এই অপশক্তি এখনো বহুদলীয় গণতন্ত্র ও সংবাদমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস রাখে না। একটি স্বাধীন রাষ্ট্রে সাংবাদিকদের ওপর এমন সন্ত্রাসী হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

নেতৃবৃন্দ অবিলম্বে ধানমন্ডি ৩২ এলাকায় সংবাদকর্মীদের ওপর হামলার সাথে জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার জোর দাবি জানিয়েছেন। একই সাথে আহত গণমাধ্যমকর্মীদের দ্রুত সুস্থতা কামনা ও সুচিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি সাংবাদিকদের পেশাগত নিরাপত্তার ব্যাপারে সংশ্লিষ্টদের সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন।

এস এম/ ২৩ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language