ফিলিপাইনের স্কুলে বন্দুক হামলায় ৩ শিক্ষার্থী নিহত

ম্যানিলা, ২৩ জুন – ফিলিপাইনের মধ্যাঞ্চলে একটি স্কুলে বন্দুক হামলার ঘটনায় অন্তত তিন শিক্ষার্থী নিহত হয়েছে। এই ঘটনায় আরও সাতজন আহত হয়েছেন বলে জানা গেছে। সোমবার সকালে দেশটির লেইতে প্রদেশের তাকলোবান শহরের সান হোসে ন্যাশনাল হাইস্কুলে এই ঘটনা ঘটে।
পুলিশের লেফটেন্যান্ট ইভালিন দিয়াজ জানান, ১৫ ও ১৪ বছর বয়সী দুই শিক্ষার্থী স্কুলের ভেতরে আকস্মিক গুলি চালালে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, গুলির শব্দে ভীত হয়ে শিক্ষার্থীরা শ্রেণিকক্ষের ভেতরে আশ্রয় নিচ্ছে।
এ সময় তাদের কান্না ও চিৎকার শোনা যায়। ঘটনার পরপরই অভিযুক্ত দুই কিশোরকে গ্রেফতার করেছে স্থানীয় পুলিশ। ইভালিন দিয়াজ আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সহপাঠীদের মাধ্যমে বুলিং বা নির্যাতনের শিকার হয়ে তারা এই হামলা চালিয়ে থাকতে পারে। তবে বিষয়টি এখনো তদন্তাধীন রয়েছে।
হামলায় ব্যবহৃত অস্ত্রগুলো কীভাবে সংগ্রহ করা হয়েছে এবং কীভাবে সেগুলো স্কুলের ভেতরে আনা হলো তা খতিয়ে দেখছে কর্তৃপক্ষ। আটককৃতরা অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের অভিভাবকদের উপস্থিতিতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ফিলিপাইনের স্কুলগুলোতে বন্দুক হামলার ঘটনা সচরাচর দেখা যায় না।
এস এম/ ২৩ জুন ২০২৬









