ফুটবল

১২ বছর পর বিশ্বকাপে জয়ের স্বাদ পেল আলজেরিয়া

ওয়াশিংটন, ২৩ জুন – বিশ্বকাপে টিকে থাকার বাঁচা-মরার লড়াইয়ে জর্ডানকে ২-১ গোলে হারিয়ে ১২ বছর পর জয়ের দেখা পেয়েছে আলজেরিয়া। প্রথমার্ধে পিছিয়ে পড়েও দ্বিতীয়ার্ধের দুর্দান্ত প্রত্যাবর্তনে পূর্ণ তিন পয়েন্ট নিশ্চিত করেছে উত্তর আফ্রিকার এই দেশটি।

প্রথম ম্যাচে দুই দলই পরাজিত হওয়ায় এই ম্যাচটি উভয় দলের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। ম্যাচের শুরু থেকেই জর্ডান আক্রমণাত্মক ফুটবল উপহার দেয়। এর ধারাবাহিকতায় ম্যাচের ৩৬তম মিনিটে ডি-বক্সের ভেতর থেকে জোরালো শটে লক্ষ্যভেদ করেন নিযার আল রুশদান।

জর্ডান এই গোলের মাধ্যমে বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো কোনো ম্যাচে লিড নেওয়ার কৃতিত্ব অর্জন করে এবং ১-০ ব্যবধানে এগিয়ে বিরতিতে যায়। প্রথমার্ধে গোল পরিশোধের সুযোগ পেয়েছিল আলজেরিয়াও। দলের অভিজ্ঞ ফরোয়ার্ড রিয়াদ মাহরেজ জর্ডানের গোলরক্ষককে একা পেয়েও বল জালে জড়াতে ব্যর্থ হন।

ইয়াজিদ আবুলাইলার দুর্দান্ত সেভে জর্ডান প্রথমার্ধে নিজেদের জাল সুরক্ষিত রাখতে সক্ষম হয়। বিরতির পর আলজেরিয়া আক্রমণের ধার বাড়িয়ে দেয়। ম্যাচের ৬৯তম মিনিটে বদলি খেলোয়াড় নাদির বেনবুয়ালি কর্নার থেকে আসা বলে নিখুঁত হেডে গোল করে দলকে সমতায় ফেরান। এটি ছিল জাতীয় দলের জার্সি গায়ে তার মাত্র দ্বিতীয় গোল।

সমতায় ফেরার পর আলজেরিয়া আরও মরিয়া হয়ে ওঠে এবং ম্যাচের ৮২তম মিনিটে আমিন গোরি দর্শনীয় এক গোল করে দলকে ২-১ ব্যবধানে এগিয়ে নেন।

এই জয়ের সুবাদে আলজেরিয়ার নকআউট পর্বে তথা শেষ ৩২-এ ওঠার স্বপ্ন উজ্জ্বল হলো। গ্রুপ পর্বের শেষ ম্যাচে জিততে পারলেই তারা পরবর্তী রাউন্ড নিশ্চিত করবে। অন্যদিকে এই পরাজয়ে জর্ডানের টুর্নামেন্টে টিকে থাকার পথ কঠিন হয়ে পড়ল।

এস এম/ ২৩ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language