জাতীয়

ঢাকার বাতাস আবার অস্বাস্থ্যকর, দূষিত শহরের তালিকায় অষ্টম

ঢাকা, ২৩ জুন – বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব এবং ব্যাপক উন্নয়নমূলক কর্মকাণ্ডের কারণে বায়ুদূষণের মাত্রা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। এর নেতিবাচক প্রভাব থেকে মুক্ত নয় বাংলাদেশের রাজধানী ঢাকাও। মঙ্গলবার সকালে আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের প্রতিবেদন অনুযায়ী, ঢাকার বাতাস আবারও অস্বাস্থ্যকর হয়ে উঠেছে।

এদিন সকালে এয়ার কোয়ালিটি ইনডেক্স বা একিউআই স্কোর ১০৭ নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা অষ্টম স্থানে অবস্থান করছে। তালিকার শীর্ষে রয়েছে ভারতের রাজধানী দিল্লি, যার বায়ুমান সূচক ১৮৬। দ্বিতীয় অবস্থানে থাকা ইন্দোনেশিয়ার জাকার্তার স্কোর ১৫৯।

তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর ১৫৭ স্কোর নিয়ে এবং চতুর্থ স্থানে রয়েছে ভারতের কলকাতা ১৫৫ স্কোর নিয়ে। এছাড়া উগান্ডার কাম্পালা ১৫৪ স্কোর নিয়ে তালিকার পঞ্চম স্থানে রয়েছে। আইকিউএয়ারের মানদণ্ড বিশ্লেষণ করলে দেখা যায় যে, বায়ুমান সূচক শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে তাকে ভালো মানের বায়ু ধরা হয়।

৫১ থেকে ১০০ স্কোরকে মাঝারি এবং ১০১ থেকে ১৫০ স্কোরকে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে গণ্য করা হয়। ১৫১ থেকে ২০০ পর্যন্ত স্কোর থাকলে সেই বাতাসকে সরাসরি অস্বাস্থ্যকর বলা হয়। অন্যদিকে, বায়ুমান সূচক ২০১ থেকে ৩০০ এর মধ্যে পৌঁছালে তাকে খুবই অস্বাস্থ্যকর ধরা হয়।

এমন পরিস্থিতিতে শিশু, বয়োজ্যেষ্ঠ এবং অসুস্থ ব্যক্তিদের বাড়ির ভেতরে থাকার পরামর্শ দেওয়া হয়। আর যদি এই সূচক ৩০১ অতিক্রম করে, তবে তা জনস্বাস্থ্যের জন্য চরম ঝুঁকিপূর্ণ বলে বিবেচিত হয়।

এস এম/ ২৩ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language