হজ শেষে দেশে ফিরেছেন ৬৩ হাজার হাজি, প্রাণ হারিয়েছেন ৫৪ জন

ঢাকা, ২২ জুন – পবিত্র হজ পালন শেষে এখন পর্যন্ত ১৬৪টি ফ্লাইটে মোট ৬৩ হাজার ৪৪০ জন বাংলাদেশি হাজি সৌদি আরব থেকে দেশে ফিরেছেন। তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৩১৯ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৫৯ হাজার ১২১ জন হাজি রয়েছেন। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা সংক্রান্ত সর্বশেষ তথ্যে এই তথ্য জানানো হয়েছে।
২১ জুন পর্যন্ত ফিরতি হজযাত্রী পরিবহনে শীর্ষে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। সংস্থাটি এখন পর্যন্ত ২৮ হাজার ৩৭১ জন হাজিকে দেশে ফিরিয়ে এনেছে। এ ছাড়া সৌদি এয়ারলাইনস ২২ হাজার ৩০০ জন, ফ্লাইনাস এয়ারলাইনস ৮ হাজার ৬৭২ জন এবং অন্যান্য এয়ারলাইনসের মাধ্যমে ৪ হাজার ৯৭ জন হাজি ফিরেছেন।
মোট পরিচালিত ১৬৪টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ৮৪টি, সৌদি এয়ারলাইনস ৫৮টি এবং ফ্লাইনাস ২২টি ফ্লাইট পরিচালনা করেছে। অন্যদিকে হজ পালনে গিয়ে এখন পর্যন্ত ৫৪ জন বাংলাদেশি প্রাণ হারিয়েছেন। তাদের মধ্যে ৩৬ জন পুরুষ এবং ১৮ জন নারী।
মৃতদের মধ্যে মক্কায় ৩৭ জন, মদিনায় ১৬ জন এবং জেদ্দায় একজন মারা যান। সৌদি আরবে স্থাপিত বাংলাদেশি চিকিৎসাকেন্দ্রগুলো থেকে এখন পর্যন্ত ৬৬ হাজার ৬৬৫টি চিকিৎসা ব্যবস্থাপত্র এবং আইটি হেল্পডেস্কের মাধ্যমে ২৮ হাজার ২৮৬টি সেবা দেওয়া হয়েছে।
গত ২৬ মে পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু হয়েছিল। বাংলাদেশ থেকে এবার মোট ৪ হাজার ৫৬৫ জন সরকারি এবং ৭৩ হাজার ৯৩৫ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী সৌদি আরবে গিয়েছিলেন। ৩০ মে থেকে শুরু হওয়া এই ফিরতি ফ্লাইট কার্যক্রম আগামী ৩০ জুন পর্যন্ত চলবে। হজযাত্রীদের নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত করতে সরকার ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর কার্যক্রম অব্যাহত রয়েছে।
এস এম/ ২২ জুন ২০২৬









