যুদ্ধবিরতি লঙ্ঘন করলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে: হিজবুল্লাহ প্রধান

বৈরুত, ২২ জুন – যুদ্ধবিরতির তোয়াক্কা না করে লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের অব্যাহত হামলা এবং ভূখণ্ড দখলের প্রচেষ্টার তীব্র নিন্দা জানিয়েছেন হিজবুল্লাহ প্রধান নাঈম কাশেম। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে, ইসরায়েলি বাহিনী যদি যুদ্ধবিরতি লঙ্ঘন করে কোনো হামলা চালায় তবে তার সমুচিত জবাব দেওয়া হবে।
লেবাননের অভ্যন্তরে ইসরায়েলের তথাকথিত নিরাপত্তা অঞ্চল তৈরির পরিকল্পনাকে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করে তিনি স্পষ্ট জানিয়েছেন, ইসরায়েলি সেনাদের লেবাননে থাকা কোনোভাবেই সম্ভব নয়।
গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হওয়ার পরও দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানির ঘটনা ঘটছে। চুক্তির প্রাথমিক শর্ত অনুযায়ী লেবাননসহ সব ফ্রন্টে হামলা বন্ধের কথা থাকলেও শুক্রবার থেকেই ইসরায়েলি আগ্রাসন অব্যাহত রয়েছে।
যদিও যুক্তরাষ্ট্র দাবি করেছে যে ইসরায়েল এবং হিজবুল্লাহ উভয় পক্ষই যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। অন্যদিকে ইসরায়েলি কর্মকর্তারা দাবি করেছেন যে, হুমকি মোকাবিলায় তাদের সেনারা স্বাধীনভাবে পদক্ষেপ নেবে।
ইসরায়েলের এমন বক্তব্যের পরিপ্রেক্ষিতে এক টিভি ভাষণে নাঈম কাশেম বলেন, লেবাননের সার্বভৌমত্ব রক্ষা করা জাতীয় সেনাবাহিনীর দায়িত্ব। হিজবুল্লাহ দেশের সার্বভৌমত্ব রক্ষায় জাতীয় সেনাবাহিনীর সঙ্গে পূর্ণ সহযোগিতা করবে বলে তিনি উল্লেখ করেন।
এস এম/ ২২ জুন ২০২৬









