ক্রিকেট

জিম্বাবুয়ে সিরিজের লক্ষ্যে দেশ ছাড়ল বাংলাদেশ ক্রিকেট দল

ঢাকা, ২১ জুন – জিম্বাবুয়ের বিপক্ষে একটি টেস্ট এবং সাদা বলের সিরিজ খেলতে ঢাকা ত্যাগ করেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। আজ রোববার দুপুর দুইটার ফ্লাইটে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে ১৫ সদস্যের একটি বহর হারারের উদ্দেশে রওনা হয়।

এই বহরে নাজমুল হোসেন শান্ত ও তাইজুল ইসলাম ছাড়াও রয়েছেন এবাদত হোসেন ও সাদমান ইসলামের মতো ক্রিকেটাররা। দলের বাকি সদস্যরা বর্তমানে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ব্যস্ত থাকায় পরবর্তীতে স্কোয়াডের সাথে যোগ দেবেন।

এর আগে গত বৃহস্পতিবার আসন্ন টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা বিসিবি। পাকিস্তান সিরিজের দল থেকে বাদ পড়েছেন তিন ক্রিকেটার এবং নতুন মুখ হিসেবে ডাক পেয়েছেন রবিউল হক। এই সিরিজে অভিজ্ঞ লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, নাহিদ রানা এবং তাসকিন আহমেদকে বিশ্রাম দেওয়া হয়েছে।

পেস আক্রমণে ফিরেছেন হাসান মাহমুদ ও খালেদ আহমেদ। পূর্ণাঙ্গ এই সফরের জন্য ঘোষিত টেস্ট স্কোয়াডে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সাথে রয়েছেন মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, মুমিনুল হক সৌরভ, মুশফিকুর রহিম, মাহিদুল ইসলাম অঙ্কন, মেহেদী হাসান, তাইজুল ইসলাম, নাঈম হাসান, খালেদ আহমেদ, হাসান মাহমুদ, এবাদত হোসেন চৌধুরী, তাওহীদ হৃদয়, তানজিদ হাসান তামিম, অমিত হাসান ও রবিউল হক।

এস এম/ ২১ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language