বিশ্বকাপে সর্বোচ্চ গোলের লড়াই: সমতায় ব্রাজিল ও জার্মানি,কোথাও নেই আর্জেন্টিনা

ব্রাসেলস, ২১ জুন – বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে সর্বোচ্চ গোলের তালিকায় আধিপত্য ধরে রেখেছে দুই শক্তিশালী দেশ ব্রাজিল ও জার্মানি। রেকর্ড গড়ার এই লড়াইয়ে একে অপরকে ছাড়িয়ে যাওয়ার এক রোমাঞ্চকর প্রতিযোগিতা লক্ষ্য করা যাচ্ছে।
সম্প্রতি কুরাসাওয়ের বিপক্ষে ৭ গোল করার মাধ্যমে প্রথমে ব্রাজিলকে টপকে যায় জার্মানি। ২৩৮ গোল নিয়ে শুরু করা জার্মানি সে সময় ২৩৯ গোলের মাইলফলক স্পর্শ করে। তবে জার্মানির এই লিড খুব বেশি সময় স্থায়ী হয়নি। পরবর্তী ম্যাচে হাইতির বিপক্ষে প্রথমার্ধেই তিন গোল আদায় করে নেয় ব্রাজিল।
এর ফলে সেলেসাওদের মোট গোল সংখ্যা দাঁড়ায় ২৪১ এ। কিন্তু রেকর্ডের এই পাল্টাপাল্টি লড়াইয়ে আবারও সমতা ফিরে আসে। আইভরি কোস্টের বিপক্ষে ২ ১ ব্যবধানে জয়ের মাধ্যমে জার্মানি পুনরায় ব্রাজিলের সমকক্ষ হয়। বর্তমানে ফিফা বিশ্বকাপের ইতিহাসে ব্রাজিল ও জার্মানি উভয় দলেরই মোট গোল সংখ্যা ২৪১।
এই দুই পরাশক্তির তুলনায় তালিকার বাকি দলগুলো অনেকটাই পিছিয়ে রয়েছে। ১৫৫ গোল নিয়ে আর্জেন্টিনা রয়েছে তৃতীয় অবস্থানে। অন্যান্য দলের মধ্যে ফ্রান্সের গোল সংখ্যা ১৩৯ এবং ইতালির ১২৮।
এছাড়া স্পেন ও ইংল্যান্ড উভয়েই ১০৮টি করে গোল করেছে। পরিসংখ্যান অনুযায়ী গোলের এই দৌড়ে ব্রাজিল ও জার্মানি নিজেদের এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে। শীর্ষ লড়াইয়ে বর্তমানে এই দুই দলের কোনো নিকটতম প্রতিদ্বন্দ্বী নেই।
এস এম/ ২১ জুন ২০২৬









