ফেনী

ফেনী পৌর আড়তে জেলি পুশ করা ৮০ কেজি চিংড়ি জব্দ, আড়তদারকে জরিমানা

ফেনী, ২০ জুন – ফেনী পৌর মৎস্য আড়তে অবৈধভাবে চিংড়িতে জেলি ব্যবহারের দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এ সময় প্রায় ৮০ কেজি জেলি পুশকৃত গলদা চিংড়ি জব্দ করা হয় এবং একটি মৎস্য আড়তকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার ভোরে ফেনী পৌর মৎস্য আড়তে এই অভিযান চালানো হয়। অভিযানে বাংলাদেশ ফিশিং নামক একটি মৎস্য আড়ত থেকে জেলি মেশানো ওই পরিমাণ চিংড়ি জব্দ করা হয়। ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন ফেনী সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুলতানা নাসরিন কান্তা।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়,

চিংড়ির ওজন বৃদ্ধি ও গ্রেড পরিবর্তনের উদ্দেশ্যে অপদ্রব্য হিসেবে জেলি ব্যবহার করা হয়েছিল। এটি ভোক্তাদের সঙ্গে সরাসরি প্রতারণা এবং জনস্বাস্থ্যের জন্য চরম ঝুঁকিপূর্ণ। এই অপরাধে মৎস্য ও মৎস্যপণ্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ আইন ২০২০ এর ৩১ ধারা অনুযায়ী সংশ্লিষ্ট আড়ত মালিককে ৪০ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়।

অভিযান শেষে জব্দকৃত অস্বাস্থ্যকর চিংড়িগুলো মাটিচাপা দিয়ে ধ্বংস করা হয়। অভিযান চলাকালে অন্যান্য ব্যবসায়ী ও ক্রেতাদের জেলি পুশকৃত চিংড়ির স্বাস্থ্যঝুঁকি এবং প্রতারণার বিষয়ে সচেতন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ফেনী সদরের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মিরাজুল ইসলাম, জেলা মৎস্য দফতরের প্রতিনিধি ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও সুলতানা নাসরিন কান্তা জানান, ভোক্তার স্বার্থ সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

এস এম/ ২০ জুন ২০২৬


Back to top button