প্যারাগুয়ের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিলো তুরস্ক

ওয়াশিংটন, ২০ জুন – চলমান বিশ্বকাপের আসরে নিজেদের দ্বিতীয় ম্যাচে প্যারাগুয়ের কাছে ১-০ ব্যবধানে হেরে বিদায় নিয়েছে তুরস্ক। ম্যাচের শুরুতেই গোল করে দলকে এগিয়ে নেন মাতিয়াস গালারসা। সেই একমাত্র গোলেই জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে প্যারাগুয়ে।
স্যান ফ্রান্সিসকোতে বাংলাদেশ সময় আজ শনিবার সকালে অনুষ্ঠিত এই ম্যাচে তুরস্ক পুরোটা সময় আধিপত্য বিস্তার করলেও গোল পেতে ব্যর্থ হয়। দ্বিতীয়ার্ধের অনেকটা সময় একজন বেশি খেলোয়াড় নিয়ে খেলেও ম্যাচে ফিরতে পারেনি তুরস্ক। পুরো ম্যাচে তারা মোট ৩২টি শট নিলেও একটিও জালে জড়াতে পারেনি।
এর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচেও তারা ৩০টি শট নিয়েছিল। সব মিলিয়ে টানা দুই ম্যাচে ৬২টি শট নিয়েও কোনো গোল করতে না পেরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হলো দলটিকে। ম্যাচের অন্যতম আলোচিত ঘটনা ছিল মিগুয়েল আলমিরনের লাল কার্ড।
প্রথমার্ধের যোগ করা সময়ে তুরস্কের মের্ত মুলদুরকে মুখ ঢেকে কিছু বলতে দেখা যায় আলমিরনকে। ভিএআর পরীক্ষার পর ফিফার নতুন নিয়ম অনুযায়ী রেফারি তাকে সরাসরি লাল কার্ড দেখান। বিশ্বকাপে এই প্রথম এই ধরনের অপরাধে কোনো খেলোয়াড়কে মাঠ ছাড়তে হলো।
প্যারাগুয়ে ১০ জনের দলে পরিণত হলেও তাদের রক্ষণভাগ তুরস্কের সব আক্রমণ প্রতিহত করে জয় ছিনিয়ে নেয়। শুরুতে পাওয়া লিড ধরে রেখে দারুণভাবে ম্যাচ নিয়ন্ত্রণে রাখে দক্ষিণ আমেরিকার দলটি। রক্ষণভাগের দৃঢ়তা আর পরিকল্পিত খেলার মাধ্যমে গুরুত্বপূর্ণ এই জয় নিশ্চিত করে তারা।
এস এম/ ২০ জুন ২০২৬









