জাতীয়

চিত্রনায়িকা পরীমনি ইস্যুতে পুলিশ কর্মকর্তা সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর

ঢাকা, ১৮ জুন – ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের সাবেক অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. গোলাম সাকলায়েনকে সরকারি চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। বর্তমানে তিনি ঝিনাইদহ ইন সার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন।

গত ১৮ জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে রাষ্ট্রপতির আদেশক্রমে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মনজুর মোর্শেদ চৌধুরী প্রজ্ঞাপনটিতে সই করেন।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয় যে ডিবির গুলশান বিভাগে কর্মরত থাকাকালীন সাকলায়েন একজন দায়িত্বশীল কর্মকর্তা হওয়া সত্ত্বেও চিত্রনায়িকা পরীমনির সঙ্গে নৈতিকতাবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন। তিনি বিবাহিত হওয়া সত্ত্বেও সরকারি বাসভবনে চিত্রনায়িকার সঙ্গে সময় কাটিয়েছেন এবং জন্মদিন উদযাপন করেছেন যা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। এসব ঘটনায় সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলে তদন্ত প্রতিবেদনে উঠে আসে।

২০২৩ সালের ২০ ফেব্রুয়ারি তার বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু করা হয়েছিল এবং তদন্ত শেষে অসদাচরণের অভিযোগ প্রমাণিত হয়। সরকারি কর্ম কমিশনের পরামর্শ এবং রাষ্ট্রপতির অনুমোদনের পর তাকে এই গুরুদণ্ড প্রদান করা হয়েছে।

এনএন/ ১৮ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language