ফুটবল

ভিসা জটিলতায় থমাস পার্টেকে ছাড়াই বিশ্বকাপে নামছে ঘানা

টরন্টো, ১৭ জুন – এবারের বিশ্বকাপে ভিসা সংক্রান্ত জটিলতা বড় আকার ধারণ করেছে। কানাডা কর্তৃপক্ষ ঘানার অভিজ্ঞ মিডফিল্ডার থমাস পার্টেকে দেশটিতে প্রবেশের অনুমতি দেয়নি। এর ফলে পানামার বিপক্ষে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামতে পারছেন না এই ফুটবলার।

মঙ্গলবার কানাডার একটি ফেডারেল হাইকোর্ট পার্টের করা ভিসা আপিল খারিজ করে দিলে বিষয়টি নিশ্চিত হয়। সাবেক আর্সেনাল তারকা পার্টে দলের বাকি সদস্যদের সঙ্গে টরন্টোতে যেতে পারেননি।

বুধবার গ্রুপ এল এর গুরুত্বপূর্ণ ম্যাচে পানামার মুখোমুখি হবে ঘানা। দলের অন্যতম সেরা খেলোয়াড়ের অনুপস্থিতি ঘানার জন্য বড় এক ধাক্কা হিসেবে বিবেচিত হচ্ছে। মূলত যুক্তরাজ্যে চলমান একটি ফৌজদারি মামলার কারণে ৩৩ বছর বয়সী এই ফুটবলারের ভিসা আবেদন নামঞ্জুর করেছে কানাডা সরকার।

২০২০ থেকে ২০২২ সালের মধ্যে চারজন নারীর অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে সাতটি ধর্ষণ এবং একটি যৌন নিপীড়নের অভিযোগ রয়েছে। যদিও পার্টে শুরু থেকেই এই অভিযোগগুলো অস্বীকার করে নিজেকে নির্দোষ দাবি করে আসছেন।

ঘানা সরকার কানাডা কর্তৃপক্ষের এই সিদ্ধান্তকে অত্যন্ত কঠোর এবং অন্যায্য বলে মন্তব্য করেছে। তবে আদালতের সর্বশেষ রায়ের ফলে পার্টের জন্য আপাতত কানাডার দরজা বন্ধ হয়ে গেল।

দলের কোচ কার্লোস কুইরোজ অবশ্য পার্টেকে ছাড়াই রণকৌশল সাজিয়েছেন। তিনি সংবাদ সম্মেলনে জানান যে, হাতে থাকা ২৬ জন খেলোয়াড় নিয়েই তারা পরিকল্পনামতো এগিয়ে যাবেন। পানামার বিপক্ষে ম্যাচটি মিস করলেও বিশ্বকাপের পরবর্তী ম্যাচগুলোতে পার্টেকে পাওয়ার আশা করছে ঘানা।

গ্রুপ পর্বের পরের দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রে। ২৩ জুন বোস্টনে ইংল্যান্ড এবং ২৭ জুন ফিলাডেলফিয়ায় ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে চারবারের আফ্রিকান চ্যাম্পিয়নরা। তবে ঘানা যদি গ্রুপ রানার্সআপ হয়ে নকআউট পর্বে ওঠে এবং সেই ম্যাচটি কানাডায় পড়ে, তবে পার্টের ভিসা সমস্যা আবারো সামনে আসতে পারে।

এনএন/ ১৭ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language