বিশ্বকাপে রোনালদিনহোকে ছাড়িয়ে নতুন মাইলফলকে ভিনিসিয়ুস জুনিয়র

ব্রাসেলস, ২০ জুন – হাইতির বিপক্ষে দাপুটে পারফরম্যান্স প্রদর্শন করে আবারও পাদপ্রদীপের আলোয় উঠে এসেছেন ব্রাজিলের তারকা ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র। দলের ৩-০ ব্যবধানের জয়ে একটি গোল করার পাশাপাশি সতীর্থকে দিয়ে একটি গোল করিয়ে বিশ্বকাপের মঞ্চে অনন্য এক মাইলফলক স্পর্শ করেছেন তিনি।
চলতি আসরে মরক্কোর বিপক্ষে উদ্বোধনী ম্যাচেও জালের দেখা পেয়েছিলেন ভিনিসিয়ুস। এর আগে ২০২২ বিশ্বকাপে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে একটি গোল করেছিলেন তিনি। ফলে বিশ্বমঞ্চে তার মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে তিনে। এই অর্জনের মাধ্যমে ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালদিনহোকে টপকে গেছেন ভিনিসিয়ুস।
রোনালদিনহো বিশ্বকাপে দুটি গোল করেছিলেন যার দুটিই এসেছিল ২০০২ সালের আসরে। মাত্র ছয়টি ম্যাচ খেলেই সেই সংখ্যাকে ছাড়িয়ে গেলেন বর্তমান এই ব্রাজিলিয়ান তারকা। হাইতির বিপক্ষে ম্যাচে ভিনিসিয়ুসের বাড়ানো পাস থেকেই গোল করেন ম্যাথিউস কুনহা। এর ফলে বিশ্বকাপে ভিনিসিয়ুসের মোট গোল অবদান দাঁড়িয়েছে ছয়ে।
এখন পর্যন্ত তিনি নিজে করেছেন তিন গোল এবং সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও তিনটি গোল। বিশ্বকাপ ইতিহাসে ব্রাজিলিয়ান ফুটবলারদের মধ্যে গোল অবদানের পরিসংখ্যানেও রোনালদিনহোর পাশে জায়গা করে নিয়েছেন ভিনিসিয়ুস। ২০০২ বিশ্বকাপে দুটি গোলের পাশাপাশি তিনটি গোলে সহায়তা করেছিলেন রোনালদিনহো।
পরে ২০০৬ বিশ্বকাপে আরও একটি অ্যাসিস্ট যোগ করেন তিনি। সব মিলিয়ে ১০ ম্যাচে তার মোট গোল অবদান ছিল ছয়টি। অন্যদিকে মাত্র ছয় ম্যাচেই সেই সংখ্যা স্পর্শ করলেন ভিনিসিয়ুস। আসন্ন ম্যাচগুলোতে রোনালদিনহোর এই রেকর্ড ভেঙে দেওয়ারও উজ্জ্বল সম্ভাবনা রয়েছে তার সামনে।
এস এম/ ২০ জুন ২০২৬









