সরবরাহ সন্তোষজনক, বাজেটের পর দ্রব্যমূল্য বাড়ার সুযোগ নেই: বাণিজ্যমন্ত্রী

ঢাকা, ১৭ জুন – সরবরাহ পরিস্থিতি সন্তোষজনক থাকায় প্রস্তাবিত জাতীয় বাজেটের পর নতুন করে দ্রব্যমূল্য বৃদ্ধির কোনো অবকাশ নেই বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বুধবার রাজধানীর বাদামতলী পাইকারি চালের বাজার ও নয়াবাজারের কাঁচাবাজার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী উল্লেখ করেন, বাজেট ঘোষণার পরও চালের পাইকারি ও খুচরা বাজারে স্থিতিশীলতা বজায় রয়েছে। বাজারে নতুন এবং পুরাতন চালের দামের মধ্যে কিছুটা পার্থক্য থাকলেও কোনো ধরনের অস্বাভাবিক ঊর্ধ্বগতি লক্ষ্য করা যাচ্ছে না।
তিনি আরও জানান, দেশে চালের পর্যাপ্ত মজুত রয়েছে এবং সরবরাহ ব্যবস্থাও অত্যন্ত স্বাভাবিক। কেবল চাল নয়, বরং অন্যান্য সব ধরনের খাদ্যপণ্যের মূল্য বর্তমানে স্থিতিশীল রয়েছে বলে তিনি মন্তব্য করেন।
এ সময় পরিদর্শন দলে থাকা খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী বলেন, চাল মজুত ও সরবরাহের ক্ষেত্রে কোনো ঘাটতি নেই। সরকারের বোরো ধান সংগ্রহ কার্যক্রমও অত্যন্ত সন্তোষজনকভাবে এগিয়ে চলছে।
তিনি গণমাধ্যমকে বাস্তব বাজার পরিস্থিতি যাচাই না করে জনমনে আতঙ্ক তৈরি হয় এমন সংবাদ পরিবেশন না করার জন্য অনুরোধ জানান।
এস এম/ ১৭ জুন ২০২৬









