বাজারে নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক ও দাম নিম্নমুখী: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী

ঢাকা, ১৬ জুন – রাজধানীর বাজারগুলোতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং আদা, রসুন ও পেঁয়াজসহ বেশ কয়েকটি পণ্যের দাম কমেছে বলে জানিয়েছেন বিক্রেতারা। মঙ্গলবার সকালে রাজধানীর মহাখালী ও মোহাম্মদপুর টাউন হল কাঁচাবাজার পরিদর্শন শেষে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম গণমাধ্যমকে এ তথ্য জানান।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রী পাইকারি ও খুচরা বিক্রেতাদের সঙ্গে সরবরাহ ও বিপণন পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। পাশাপাশি তিনি বাজারে উপস্থিত ক্রেতাদের সঙ্গে কথা বলে সার্বিক মূল্য পরিস্থিতি সম্পর্কে তাদের মতামত গ্রহণ করেন।
নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে বিভিন্ন বাজার পরিদর্শন করা হচ্ছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, গতকাল কারওয়ান বাজার পরিদর্শন করেছি এবং আজও দু’টি বাজার পরিদর্শন করে ভোক্তাদের সন্তুষ্টির চিত্র দেখতে পেয়েছি।
তিনি আরও জানান, বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত হয়ে দেশ পরিচালনা করছে এবং জনগণের সন্তুষ্টির প্রতি সরকার সব সময় সজাগ থাকবে। ব্যবসায়ীদের উদ্দেশ্যে তিনি বলেন, ব্যবসায় টিকে থাকতে হলে লাভ করতে হবে সত্য, তবে অতিরিক্ত দাম বাড়িয়ে ভোক্তার ওপর চাপ সৃষ্টি করা যাবে না।
ভোক্তাদের স্বার্থ রক্ষায় সরকারের তদারকি ও এই ধরনের উদ্যোগ নিয়মিত অব্যাহত থাকবে বলে তিনি আশ্বস্ত করেন। বাজার ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করতে প্রতিমন্ত্রী প্রতিটি দোকানে দৃশ্যমান স্থানে হালনাগাদ মূল্য তালিকা টানিয়ে রাখার কঠোর নির্দেশনা দেন।
পরিদর্শনকালে বিক্রেতারা জানান, বাজারে পণ্যের পর্যাপ্ত মজুত রয়েছে। তবে পোলাওয়ের চালের দাম কিছুটা বেড়েছে বলে ক্রেতারা অভিযোগ করেছেন। পরিদর্শনকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল জব্বার মণ্ডল প্রতিমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন।
এস এম/ ১৬ জুন ২০২৬









