রোকনপুর সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা রুখে দিল বিজিবি

চাঁপাইনবাবগঞ্জ, ১৬ জুন – চাঁপাইনবাবগঞ্জের রোকনপুর সীমান্ত এলাকা দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এক নারীকে অবৈধভাবে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করেছে। সোমবার রাত ১১টার দিকে সীমান্তের শূন্যরেখায় এই ঘটনা ঘটে। বিজিবির সতর্ক অবস্থানের কারণে সেই পুশইন প্রচেষ্টা সফল হতে পারেনি।
নওগাঁ ব্যাটালিয়ন ১৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আরিফুল ইসলাম মাসুম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ভারতের পশ্চিমবঙ্গের মালদহ জেলার ৮৮ বিএসএফ আর কে ওয়াদা বিওপির সদস্যরা নৌকাযোগে ২২৫/৩ আর সীমান্ত পিলারের কাছ দিয়ে ওই নারীকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করে।
এ সময় টহলরত বিজিবি সদস্যরা তাৎক্ষণিকভাবে বাধা দিলে বিএসএফ সদস্যরা পিছু হটতে বাধ্য হয় এবং ওই নারী ভারতের অভ্যন্তরে শূন্যরেখায় অবস্থান নেন।
বর্তমানে বিজিবি পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং সীমান্তে টহল জোরদার করা হয়েছে। এর আগে গত শুক্রবার রাতেও একই সীমান্ত দিয়ে ৫ জন শিশুসহ ২৮ জনকে পুশইনের চেষ্টা চালিয়েছিল বিএসএফ। সেবারও বিজিবির কড়া পাহারার কারণে দুই ঘণ্টা পর তাদের ফিরিয়ে নিয়ে যেতে বাধ্য হয় ভারত।
এস এম/ ১৬ জুন ২০২৬









