বিজয়ের দাম্পত্য বিচ্ছেদের গুঞ্জনে নতুন মোড়: জোড়া লাগতে পারে সম্পর্ক

চেন্নাই, ১৪ জুন – দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা ও তামিলনাড়ুর রাজনীতিক থালাপথি বিজয়ের ব্যক্তিগত জীবন নিয়ে গত কয়েক মাস ধরে চলা নানা জল্পনার অবসান হতে চলেছে। বিশেষ করে স্ত্রী সংগীতা সোরনালিঙ্গমের সঙ্গে তাঁর দীর্ঘ দাম্পত্য জীবনের বিচ্ছেদ নিয়ে যে গুঞ্জন ছড়িয়েছিল, সেখানে নতুন মোড় আসার খবর মিলেছে।
ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বিচ্ছেদের পথে না গিয়ে সমঝোতার মাধ্যমে সম্পর্ক টিকিয়ে রাখার চেষ্টা করছেন এই দম্পতি। বিজয় ও সংগীতার মধ্যে দূরত্ব কমাতে দুই পরিবারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে।
গত কয়েক মাস ধরে শোনা যাচ্ছিল যে এই তারকা দম্পতি বিবাহবিচ্ছেদের আবেদন করেছেন। একই সময়ে অভিনেত্রী তৃষা কৃষ্ণনের সঙ্গে বিজয়ের সম্পর্কের গুঞ্জনও ছড়িয়ে পড়ে। যদিও এসব বিষয়ে বিজয় বা সংগীতা কখনোই প্রকাশ্যে মুখ খোলেননি।
সূত্র অনুযায়ী, আগামী ১৫ জুন তাঁদের বিবাহবিচ্ছেদ সংক্রান্ত একটি মামলার শুনানির দিন ধার্য রয়েছে। তবে সাম্প্রতিক সময়ে দুই পক্ষের আলোচনার ধরনে বড় পরিবর্তন এসেছে। এখন আর বিরোধ নয় বরং সমাধানের পথ খুঁজছেন তাঁরা।
বিজয়ের মা শোভা চন্দ্রশেখর এই সমঝোতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন বলে জানা গেছে।
বিজয় ও সংগীতার দাম্পত্যে দূরত্বের বিষয়টি সামনে আসে বিভিন্ন রাজনৈতিক ও ব্যক্তিগত অনুষ্ঠানে সংগীতার অনুপস্থিতির পর। পরে বিচ্ছেদের আবেদনের খবরে ভক্তদের মধ্যে আশঙ্কার তৈরি হয়েছিল।
উল্লেখ্য যে ১৯৯৯ সালের আগস্ট মাসে শ্রীলঙ্কান বংশোদ্ভূত সংগীতার সঙ্গে বিজয়ের বিয়ে হয়। দীর্ঘ ২৭ বছরের সংসারে তাঁদের জেসন সঞ্জয় ও দিব্যা সাশা নামে দুই সন্তান রয়েছে।
এখন ভক্তরা অধীর আগ্রহে ১৫ জুন তারিখের শুনানির অপেক্ষায় রয়েছেন যেখানে তাঁদের সম্পর্কের চূড়ান্ত ভবিষ্যৎ নির্ধারিত হতে পারে।
এনএন/ ১৪ জুন ২০২৬









