ফেনীতে শিক্ষার্থী মাসুম হত্যা মামলা: শেখ হাসিনাসহ ১৭৮ আসামিকে আদালতে হাজিরার নির্দেশ

ফেনী, ১৪ জুন – ফেনীতে গণঅভ্যুত্থান চলাকালে ছাত্র মাহবুবুল হাসান মাসুম হত্যা মামলায় পলাতক ১৭৮ জন আসামিকে আদালতে হাজির হওয়ার জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
আসামিদের তালিকায় রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ফেনী:৩ আসনের সাবেক সংসদ সদস্য মাসুদ উদ্দিন চৌধুরী এবং ফেনী:২ আসনের সাবেক সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী।
আদালতের নির্দেশনা অনুযায়ী, বিজ্ঞপ্তি প্রকাশের ১০ দিনের মধ্যে সংশ্লিষ্ট আদালতে আসামিদের হাজির হতে বলা হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে হাজির না হলে তাদের অনুপস্থিতিতেই বিচার কার্যক্রম শুরু হবে। শনিবার একটি জাতীয় দৈনিকে প্রকাশিত ফেনীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ছালামাত উল্লাহ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, আসামিদের বিরুদ্ধে ইতোমধ্যে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে এবং ফৌজদারি কার্যবিধির ধারা অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী, আসামিরা গ্রেফতার এড়াতে আত্মগোপনে রয়েছেন এবং নিকট ভবিষ্যতে তাদের গ্রেফতারের সম্ভাবনা কম থাকায় এই গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে ফেনীর মহিপালে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় শেখ হাসিনাকে প্রধান আসামি করে একটি মামলা দায়ের করা হয়। মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ১৬২ জনের নাম উল্লেখ করা হয়। এছাড়া অজ্ঞাতনামা আরও ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করা হয়।
২০২৪ সালের ৪ সেপ্টেম্বর নিহত শিক্ষার্থী মাহবুবুল হাসান মাসুমের ভাই মোহাম্মদ মাহমুদুল হাসান ফেনী মডেল থানায় এই মামলাটি করেন। তদন্ত শেষে ২০২৫ সালের ৩১ জুলাই পুলিশের উপ:পরিদর্শক আলমগীর হোসেন ২২১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।
পরবর্তীতে ২০২৬ সালের ১৪ জানুয়ারি আদালত অভিযোগপত্র আমলে নিয়ে শেখ হাসিনাসহ ১৭১ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। মামলার উল্লেখযোগ্য অন্যান্য আসামিদের মধ্যে রয়েছেন ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল এবং সাবেক মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজীসহ একাধিক স্থানীয় নেতা।
অভিযোগ রয়েছে যে, ছাত্র:জনতার আন্দোলনে গুলি চালানোর ক্ষেত্রে আসামিরা প্ররোচনা ও সরাসরি নির্দেশনা দিয়েছিলেন। মামলার মোট ২২১ জন আসামির মধ্যে এ পর্যন্ত ৫১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ২০২৪ সালের ৪ আগস্ট ফেনীর মহিপালে সংঘর্ষের সময় শিক্ষার্থী মাহবুবুল হাসান মাসুম গুলিবিদ্ধ হন এবং চিকিৎসাধীন অবস্থায় ৭ আগস্ট তার মৃত্যু হয়।
এস এম/ ১৪ জুন ২০২৬







