দর্শকপ্রিয়তায় সুপার বোলকে ছাড়িয়ে শীর্ষে ফিফা বিশ্বকাপ

দোহা, ১৩ জুন – বিশ্বজুড়ে ফুটবল বিশ্বকাপের উন্মাদনা অন্য সব ক্রীড়া আসরের চেয়ে কয়েক ধাপ এগিয়ে। দর্শকপ্রিয়তার বিচারে ফুটবল বিশ্বকাপ কতটা শক্তিশালী অবস্থানে রয়েছে, তা আরও একবার স্পষ্ট হলো ফিফা বিশ্বকাপ ফাইনাল এবং সুপার বোলের পরিসংখ্যানের মাধ্যমে।
সাম্প্রতিক তথ্য অনুযায়ী,
বৈশ্বিক দর্শকসংখ্যার দৌড়ে বিশ্বকাপ ফাইনাল অনেক বড় ব্যবধানে এগিয়ে রয়েছে। ২০২২ সালের কাতার বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি সরাসরি উপভোগ করেছেন প্রায় ৫৭ কোটি ১০ লাখ মানুষ। এর বিপরীতে যুক্তরাষ্ট্রের জনপ্রিয় ক্রীড়া আসর সুপার বোলের গড় লাইভ দর্শক সংখ্যা সাধারণত ১৫ থেকে ২০ কোটির মধ্যে সীমাবদ্ধ থাকে।
এই পরিসংখ্যানই বলে দেয় বৈশ্বিক প্রেক্ষাপটে ফুটবলের জনপ্রিয়তা কতটা ব্যাপক। ২০২৬ সালের বিশ্বকাপে অংশগ্রহণকারী দলের সংখ্যা ৩২ থেকে বাড়িয়ে ৪৮ করা হচ্ছে এবং মোট ম্যাচের সংখ্যা দাঁড়াবে ১০৪ টিতে। ফলে আগামী আসরে দর্শক সংখ্যা আরও বহুগুণ বৃদ্ধি পাবে বলে ধারণা করা হচ্ছে।
২০২২ বিশ্বকাপে টেলিভিশন, স্ট্রিমিং এবং সামাজিক যোগাযোগ মাধ্যম মিলিয়ে প্রায় ৫০০ কোটি মানুষ যুক্ত ছিলেন। আগামী আসরে এই সংখ্যা নতুন রেকর্ড গড়তে পারে বলে ক্রীড়া বিশ্লেষকরা মনে করছেন। যুক্তরাষ্ট্রে ফুটবলের জনপ্রিয়তা ঐতিহাসিকভাবে কিছুটা কম হলেও বর্তমানে সেখানে ব্যাপক আগ্রহ লক্ষ করা যাচ্ছে।
২০২২ সালের ফাইনাল ম্যাচটি দেশটিতে প্রায় ৩ কোটি ৫০ লাখ মানুষ দেখেছেন। ২০২৬ বিশ্বকাপের একটি বড় অংশ যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হওয়ায় সেখানে দর্শক সংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়বে বলে আশা করা হচ্ছে।
বৈশ্বিক আবেদন এবং দর্শকসংখ্যার বিবেচনায় ফিফা বিশ্বকাপ এখনও বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ও প্রভাবশালী ক্রীড়া আসর হিসেবে নিজের শীর্ষস্থান ধরে রেখেছে।
এস এম/ ১৩ জুন ২০২৬









