জাতীয়

ইউরোপের শ্রমবাজারে বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিয়োগে আগ্রহী ইইউ

ঢাকা, ১১ জুন – ইউরোপের শ্রমবাজারের চাহিদা মেটাতে বাংলাদেশ থেকে দক্ষ ও যোগ্য জনশক্তি নিয়োগে গভীর আগ্রহ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) একটি প্রতিনিধিদল। একই সঙ্গে তারা বৈধ অভিবাসনের সুযোগ সম্প্রসারণ এবং এ খাতে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে সহযোগিতা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেছে।

১০ জুন বুধবার প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিনের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে ইইউ প্রতিনিধিরা এই আগ্রহের কথা জানান।

প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে নিরাপদ ও সুশৃঙ্খল অভিবাসন, দক্ষতা উন্নয়ন, বিদেশে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি, বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা এবং দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে মাহদী আমিন আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের চলমান বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন। তিনি কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণের প্রসার এবং দক্ষ জনশক্তি তৈরির মাধ্যমে বিদেশের বাজারে নতুন সুযোগ সৃষ্টির পরিকল্পনা সম্পর্কে ইইউ প্রতিনিধিদের অবহিত করেন।

তিনি আরও জানান যে সরকার নিরাপদ ও নিয়মিত অভিবাসন নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং এর অংশ হিসেবে প্রবাসী কর্মীদের জন্য উন্নত সেবা নিশ্চিত করতে এক্সপ্যাট্রিয়েট কার্ড চালুর পরিকল্পনা করা হয়েছে।

ইইউ প্রতিনিধিদলে হেনরিক নিয়েলসেন, আলেকসান্দ্রা ডোমানস্কা, বাইবা জারিনা এবং জুরাতে স্মালস্কিতে মেরভিল উপস্থিত ছিলেন।

একই দিন শিক্ষা ও প্রযুক্তি খাতে আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির লক্ষে অ্যাসোসিয়েশন অব কমনওয়েলথ ইউনিভার্সিটিজের একটি প্রতিনিধিদল মাহদী আমিনের সঙ্গে সাক্ষাৎ করেন। প্রতিনিধিদলে ছিলেন এসিইউর সেক্রেটারি জেনারেল প্রফেসর কলিন রিওর্ডান, দক্ষিণ এশীয় আঞ্চলিক সমন্বয়কারী ইকিতা পোখরনা এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সৈয়দ ফেরহাত আনোয়ারসহ উর্ধ্বতন কর্মকর্তারা।

সাক্ষাৎকালে বাংলাদেশে উচ্চশিক্ষার মানোন্নয়ন, গবেষণা ও উদ্ভাবন সম্প্রসারণ এবং বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে পারস্পরিক নেটওয়ার্ক শক্তিশালী করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। মাহদী আমিন একটি আধুনিক ও প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থা গড়ে তোলার মাধ্যমে শিক্ষার্থীদের বৈশ্বিক প্রতিযোগিতায় সক্ষম করে তোলার সরকারি অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

এসিইউর প্রতিনিধিরা বাংলাদেশের উচ্চশিক্ষা খাতের উন্নয়নে অংশীদার হিসেবে কাজ করার এবং গবেষণাভিত্তিক শিক্ষার প্রসারে সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।

এনএন/ ১১ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language