ইশতেহার বাস্তবায়নে ৫ বছরের কর্মপরিকল্পনা শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী

ঢাকা, ১০ জুন – নির্বাচনি ইশতেহার অনুযায়ী সরকার আগামী ৫ বছরের জন্য সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা প্রণয়নের পাশাপাশি তা বাস্তবায়নে কাজ শুরু করে দিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার জাতীয় সংসদে পাবনা ৫ আসনের সংসদ সদস্য মো. শামছুর রহমান শিমুল বিশ্বাসের লিখিত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
প্রধানমন্ত্রী বলেন, সরকারের নির্বাচনি ইশতেহারে ঘোষিত বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নে দেশের সব মন্ত্রণালয় ও বিভাগ ১৮০ দিন এবং ২০২৬-২৭ অর্থবছরসহ ৫ বছরের জন্য সুনির্দিষ্ট রোডম্যাপ তৈরি করেছে। বিশেষ করে ইশতেহারের বেশ কিছু গুরুত্বপূর্ণ কর্মসূচি অগ্রাধিকার ভিত্তিতে গ্রহণ করা হয়েছে।
সরকার ব্যক্তি নয় বরং পরিবারকে উন্নয়নের মূল একক ধরে প্রান্তিক ও নিম্ন আয়ের মানুষকে সুরক্ষা দিতে কাজ করছে। এর অংশ হিসেবে নারীপ্রধান পরিবারগুলোকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে মাসিক ২,৫০০ টাকা করে দেওয়া হচ্ছে। এছাড়া কৃষকদের ন্যায্যমূল্যে সার ও সেচ সুবিধা দিতে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।
ইতোমধ্যে ১৩ লাখ ১৭ হাজার ৫০০ জন কৃষকের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করতে ১৫৬৭.৯৬ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে দেশের প্রায় ৬ হাজার ধর্মীয় উপাসনালয়ের ব্যক্তিদের মাসিক সম্মানী ভাতা দেওয়া হচ্ছে।
স্বাস্থ্য খাতের উন্নয়নে খুলনা, নোয়াখালী, বগুড়া, সিরাজগঞ্জ ও নরসিংদীতে ই-হেলথ কার্ড চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
অবকাঠামো উন্নয়নে ৬৬৬টি খাল খনন ও পুনঃখনন কার্যক্রম চলমান রয়েছে। এছাড়া ৫ বছরে ২৫ কোটি চারা রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
শিক্ষা ব্যবস্থার আধুনিকায়নে ২ লাখ শিশুকে বিনামূল্যে স্কুল ড্রেস এবং শিক্ষকদের ওয়ান টিচার ওয়ান ট্যাব দেওয়া হচ্ছে। মাদ্রাসা ও কারিগরি শিক্ষায় ফ্রি ওয়াই-ফাই সেবা চালু করা হবে। উচ্চশিক্ষার জন্য ল্যাঙ্গুয়েজ স্টুডেন্ট ভিসার ঋণ সীমা বাড়িয়ে ১০ লাখ টাকা করা হয়েছে।
ক্রীড়া ক্ষেত্রে প্রতিটি ইউনিয়নে উন্মুক্ত খেলার মাঠ তৈরির পাশাপাশি তরুণদের প্রতিভা অন্বেষণে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
প্রধানমন্ত্রী আরও জানান, দেশে পেপ্যালের কার্যক্রম চালুর উদ্যোগ নেওয়া হয়েছে এবং বিদ্যুৎ খাতে ২০৩০ সালের মধ্যে ২০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। একইসাথে বেকারত্ব দূর করতে ৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে যার মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ২,৮৭৯ জনের নিয়োগ কার্যক্রম চলমান রয়েছে।
এনএন/ ১০ জুন ২০২৬









