মরিশাসের শ্রমবাজার পুনরায় চালুর বিষয়ে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত

ঢাকা, ১০ জুন – মরিশাসে বাংলাদেশের বন্ধ থাকা শ্রমবাজার পুনরায় সচল করার লক্ষ্যে সুইজারল্যান্ডের জেনেভায় একটি গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ১১৪তম আন্তর্জাতিক শ্রম সম্মেলনের পার্শ্ববৈঠক হিসেবে জেনেভাস্থ জাতিসংঘ কার্যালয়ের সভাকক্ষে সোমবার সকালে এই আলোচনা সম্পন্ন হয়।
বৈঠকে বাংলাদেশের পক্ষে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং মরিশাসের পক্ষে দেশটির শ্রমমন্ত্রী মুহাম্মদ রেজা কাসাম উতিম নেতৃত্ব দেন।
আলোচনায় দুই দেশের মধ্যকার শ্রমবাজারের বর্তমান পরিস্থিতি এবং ভবিষ্যতে সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। বন্ধ থাকা বাজারটি দ্রুত চালু করার লক্ষে উভয় দেশ একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের বিষয়ে ঐকমত্য পোষণ করেছে।
মরিশাসের শ্রমমন্ত্রী বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি বিশেষ করে টেক্সটাইল খাতে কর্মী নিয়োগের বিষয়ে বিশেষ আগ্রহ প্রকাশ করেন। তিনি জানান যে এই প্রক্রিয়া ত্বরান্বিত করতে শিগগিরই একটি সমঝোতা স্মারকের খসড়া বাংলাদেশে পাঠানো হবে।
বৈঠকে মরিশাস সরকার বাংলাদেশের টেক্সটাইল শিল্পে বিনিয়োগের সম্ভাবনা নিয়েও আলোচনা করে।
বাংলাদেশের শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী মরিশাস সরকারকে ধন্যবাদ জানিয়ে বলেন টেক্সটাইল খাতের পাশাপাশি ডাক্তার প্রকৌশলী নার্স এবং অ্যাকাউন্টেন্টসহ বিভিন্ন পেশার দক্ষ জনশক্তি পাঠাতে বাংলাদেশ সক্ষম ও আগ্রহী।
তিনি দ্রুত চুক্তি স্বাক্ষরের আহ্বান জানানোর পাশাপাশি মরিশাসের শ্রমমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।
উক্ত বৈঠকে বাংলাদেশের প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান তরফদার এবং সুইজারল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি নাহিদা সোবহান। এ সময় বাংলাদেশ মিশনের উচ্চপদস্থ কর্মকর্তারাও আলোচনায় অংশগ্রহণ করেন।
এনএন/ ১০ জুন ২০২৬









