ফিফার সঙ্গে ৩.৮৫ মিলিয়ন ডলারে বিশ্বকাপ সম্প্রচারের চুক্তি চূড়ান্ত

ঢাকা, ৯ জুন – আসন্ন ফুটবল বিশ্বকাপ সম্প্রচারের জন্য আন্তর্জাতিক ফুটবল ফেডারেশনের (ফিফা) সঙ্গে ৩ দশমিক ৮৫ মিলিয়ন মার্কিন ডলারের একটি চুক্তি চূড়ান্ত করা হয়েছে। মঙ্গলবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এই তথ্য জানান।
তিনি বলেন, বিভিন্ন টেলিকম অপারেটর, স্যাটেলাইট চ্যানেল এবং ওটিটি প্ল্যাটফর্মের কাছে সম্প্রচারস্বত্ব ও বিজ্ঞাপন বিক্রির মাধ্যমে চুক্তির প্রায় পুরো অর্থ এরই মধ্যে সংগৃহীত হয়েছে। এর ফলে বাংলাদেশ টেলিভিশন বা বিটিভি নামমাত্র ব্যয়ে সাধারণ দর্শকদের জন্য সরাসরি খেলা সম্প্রচার করতে পারবে।
চুক্তির আর্থিক দিক তুলে ধরে প্রতিমন্ত্রী জানান, ৩ দশমিক ৮৫ মিলিয়ন মার্কিন ডলার বর্তমান বিনিময় হার অনুযায়ী প্রায় ৪৭ কোটি ২৬ লাখ টাকার সমান। তবে ভ্যাট ও আয়কর যুক্ত হওয়ার পর মোট ব্যয়ের পরিমাণ দাঁড়াবে প্রায় ৬৩ কোটি ৮০ লাখ টাকা।
তিনি আরও বলেন, ২০২২ সালের ফুটবল বিশ্বকাপে প্রায় ১০০ কোটি টাকা ব্যয় করা হয়েছিল, যা নিয়ে বর্তমানে নানা প্রশ্ন রয়েছে। বর্তমান সরকার অত্যন্ত স্বচ্ছ প্রক্রিয়ায় এবং দীর্ঘ আলোচনার মাধ্যমে এই সাশ্রয়ী চুক্তি নিশ্চিত করেছে।
এই প্রক্রিয়ায় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়াল সরাসরি সম্পৃক্ত ছিলেন। প্রতিমন্ত্রী উল্লেখ করেন, স্বচ্ছতা ও সততা বজায় রেখে কাজ করায় দেশের অর্থ সাশ্রয় করে জনগণকে মানসম্মত বিনোদন সেবা দেওয়া সম্ভব হচ্ছে।
এস এম/ ৯ জুন ২০২৬









