ক্রিকেট

শান্ত ও তানজিদের অর্ধশতক সত্ত্বেও চাপের মুখে বাংলাদেশ

ঢাকা, ৯ জুন – মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ২০১১ সালের পর প্রথমবারের মতো দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। সিরিজের প্রথম ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। ব্যাটিংয়ে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারেই ওপেনার সাইফ হাসানের উইকেট হারায় স্বাগতিকরা।

নাথান এলিসের বলে স্লিপে মারনাস লাবুশেনের হাতে ক্যাচ দেওয়ার আগে সাইফ মাত্র ৫ রান সংগ্রহ করেন। প্রাথমিক ধাক্কা সামলে দ্বিতীয় উইকেটে প্রতিরোধ গড়েন নাজমুল হোসেন শান্ত ও তানজিদ হাসান তামিম। এই জুটি ৯১ বলে ৯৬ রানের দুর্দান্ত এক পার্টনারশিপ উপহার দেয়।

সাদা বলের ক্রিকেটে ফর্মে থাকা তানজিদ তামিম আক্রমণাত্মক ব্যাটিং করে ৪১ বলে নিজের অর্ধশতক পূর্ণ করেন। তবে ব্যক্তিগত ৫৪ রানে নাথান এলিসের স্লোয়ারে বিভ্রান্ত হয়ে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন তিনি। তার ৪৪ বলের ইনিংসে ছিল সাতটি চার ও একটি ছক্কার মার।

তানজিদের বিদায়ের পর ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। উইকেটে এসে থিতু হতে পারেননি লিটন দাস। ম্যাট রেনশর বলে ফিরতি ক্যাচ দিয়ে মাত্র ৭ রান করে বিদায় নেন তিনি। এরপর ক্রিজে টিকে থাকা নাজমুল হোসেন শান্তও বেশিক্ষণ স্থায়ী হতে পারেননি।

৮৬ বলে নয়টি চার ও একটি ছক্কায় ৬৭ রান করে রেনশর দ্বিতীয় শিকারে পরিণত হন তিনি। শান্তর আউটের ফলে দ্রুত চার উইকেট হারিয়ে চাপে পড়ে যায় বাংলাদেশ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২৮ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ১৫৫ রান।

এস এম/ ৯ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language