আইন-আদালত

হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা দিতে সিআইডিকে ১৭ জুন পর্যন্ত সময় দিলেন আদালত

ঢাকা, ৭ জুন – ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৭ জুন নতুন তারিখ নির্ধারণ করেছেন আদালত। নির্ধারিত সময়ে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) প্রতিবেদন জমা দিতে না পারায় আদালত এই সময় বৃদ্ধি করেন।

রোববার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের কথা ছিল। তবে তদন্তকারী সংস্থা সিআইডি প্রতিবেদন দাখিল করতে ব্যর্থ হওয়ায় শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহ নতুন এই দিন ধার্য করেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণ অনুযায়ী, গত বছরের ১২ ডিসেম্বর রাজধানীর পল্টন থানার বক্স কালভার্ট রোড এলাকায় জুমার নামাজ শেষে ফেরার পথে অজ্ঞাত দুর্বৃত্তরা শরিফ ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে ১৮ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এই ঘটনায় গত বছরের ১৪ ডিসেম্বর ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বাদী হয়ে পল্টন থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর ২০ ডিসেম্বর মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে এই মামলায় ৩০২ ধারা যুক্ত করার নির্দেশ দেন আদালত।

এর আগে গত ৬ জানুয়ারি মামলার তদন্তকারী কর্মকর্তা ১৭ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেছিলেন। তবে ওই অভিযোগপত্রের ওপর অসন্তুষ্টি প্রকাশ করে বাদীপক্ষ নারাজি আবেদন করলে আদালত মামলাটি অধিকতর তদন্তের জন্য সিআইডিকে দায়িত্ব দেন।

বর্তমানে মামলাটি সিআইডির তদন্তাধীন রয়েছে।

এনএন/ ৭ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language