জাতীয়

৯ জুলাই পর্যন্ত চলবে বাজেট অধিবেশন, ২৭ জুন থেকে দিনে দুবার বৈঠকের প্রস্তাব

ঢাকা, ৭ জুন – ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশনের স্থায়িত্বকাল এবং কার্যাদি নিষ্পন্নের সময় বরাদ্দ নির্ধারণ করা হয়েছে। কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৯ জুলাই পর্যন্ত এই অধিবেশন চলবে। তবে বিশেষ প্রয়োজনে অধিবেশনের সময় ও কার্যদিবস পরিবর্তনের ক্ষমতা স্পিকারকে দেওয়া হয়েছে।

রোববার জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে এসব সিদ্ধান্ত গৃহীত হয়। কমিটির সভাপতি ও স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিরোধীদলীয় নেতা মো. শফিকুর রহমান অংশ নেন।

বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী সরকারি ছুটির দিন ব্যতীত প্রতিদিন বিকেল ৩টায় অধিবেশন অনুষ্ঠিত হবে। বাজেট আলোচনার সময় বৃদ্ধির লক্ষ্যে আগামী ২৭ জুন থেকে ৩০ জুন পর্যন্ত চারদিন প্রতিদিন দুই বেলা করে বৈঠক করার প্রস্তাব করা হয়েছে। বাজেট আলোচনার জন্য সর্বমোট ৪০ ঘণ্টা সময় বরাদ্দ রাখা হয়েছে।

চলতি অধিবেশনে সংসদ সদস্যদের কাছ থেকে ব্যাপক সাড়া পাওয়া গেছে। প্রধানমন্ত্রীর উত্তর দেওয়ার জন্য ১৯১টি এবং মন্ত্রীদের জন্য ৩ হাজার ৩৭টি সহ মোট ৩ হাজার ২২৮টি প্রশ্ন পাওয়া গেছে।

এছাড়া বিধি ৭১ অনুযায়ী মনোযোগ আকর্ষণের ৯৮টি এবং বিধি ১৩১ অনুযায়ী ২৯৩টি সিদ্ধান্ত প্রস্তাবের নোটিশ জমা পড়েছে। বৈঠকে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীসহ সরকারি ও বিরোধী দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

এস এম/ ৭ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language