বিসিবি নির্বাচনে ভোট দিলেন তামিম ইকবাল ও রুবেল হোসেন

ঢাকা, ৭ জুন – মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম সংলগ্ন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা বিসিবির কার্যালয়ে উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। রবিবার সকাল ১০টায় ভোটগ্রহণ শুরু হলেও প্রথম ৪৫ মিনিট কোনো ভোট পড়েনি। পরবর্তীতে বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে বিসিবি প্রাঙ্গণ।
নির্বাচনে ওল্ড ডিওএইচএস ক্লাবের কাউন্সিলর হিসেবে নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন তামিম ইকবাল। বর্তমান অ্যাডহক কমিটির প্রধান তামিম সকাল ১১টা ৩৫ মিনিটে ভোট প্রদান করেন। একই সময়ে জাতীয় দলের সাবেক পেসার রুবেল হোসেন ক্যাটাগরি ১ এ তার ভোটাধিকার প্রয়োগ করেন।
এবারের নির্বাচনের মূল আকর্ষণ হয়ে দাঁড়িয়েছে ক্লাব ক্যাটাগরি বা ক্যাটাগরি ২ এর লড়াই। এই বিভাগে ১২টি পরিচালক পদের বিপরীতে ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রার্থীদের মধ্যে আবাহনী লিমিটেডের প্রতিনিধি ফাহিম সিনহাসহ বেশ কয়েকজন আলোচিত মুখ রয়েছেন।
উল্লেখ্য যে নির্বাচনের আগেই ৮ জন পরিচালক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তাদের মধ্যে ৭ জন আঞ্চলিক ও জেলা ক্রীড়া সংস্থা এবং একজন সাবেক অধিনায়ক ও খেলোয়াড়দের কোটা থেকে প্রতিনিধি হিসেবে এসেছেন। অন্যদিকে এবার ই ভোটিং বা ডিজিটাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদান করেছেন ৪১ জন ভোটার।
যার মধ্যে জেলা ও বিভাগ পর্যায়ের ৩ জন এবং ঢাকার বিভিন্ন ক্লাবের ৩৮ জন প্রতিনিধি রয়েছেন। সব মিলিয়ে বিসিবির এই নির্বাচনকে ঘিরে ক্রিকেট সংশ্লিষ্টদের মাঝে ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে।
এস এম/ ৭ জুন ২০২৬









