পল্লবীতে শিশু রামিসা হত্যা মামলার রায় আজ, আদালতে বিক্ষুব্ধ জনতার ভিড়

ঢাকা, ৭ জুন – রাজধানীর মিরপুরের পল্লবীতে দ্বিতীয় শ্রেণির ছাত্রী রামিসা আক্তারকে ধর্ষণের পর গলা কেটে হত্যার ঘটনায় দেশজুড়ে আলোচিত মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে আদালত প্রাঙ্গণে নিরাপত্তা জোরদার করা হয়েছে। রোববার সকালে ঢাকা মহানগর দায়রা জজ আদালত চত্বরে রায় শুনতে জড়ো হন বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ।
সেখানে উপস্থিত জনতা আসামিদের সর্বোচ্চ শাস্তির দাবিতে ক্ষোভ ও প্রতিবাদ জানান। আদালত প্রাঙ্গণে উপস্থিত লোকজন জানান, এমন নৃশংস ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে দ্রুততম সময়ে রায় কার্যকর করে দৃষ্টান্ত স্থাপন করা প্রয়োজন। বিক্ষুব্ধ জনতার দাবি, একটি শিশুর সঙ্গে এমন বর্বরতা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
রাষ্ট্রের কাছে তারা দাবি জানান যেন ভবিষ্যতে আর কোনো পরিবারকে এমন নির্মম ঘটনার শিকার হতে না হয়। আলোচিত এই মামলার প্রধান আসামি সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না আক্তারকে ইতিমধ্যে কড়া নিরাপত্তায় আদালতে হাজির করা হয়েছে।
ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালত এই রায় ঘোষণা করবেন। এর আগে গত ৪ জুন উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের জন্য আজকের দিন ধার্য করা হয়েছিল। উল্লেখযোগ্য যে, মাত্র চার কার্যদিবসে এই মামলার বিচারকাজ সম্পন্ন হয়েছে।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়,
গত ১৯ মে সকালে পপুলার মডেল হাই স্কুলের শিক্ষার্থী রামিসা বাসা থেকে বের হওয়ার পর তাকে কৌশলে নিজ বাসায় ডেকে নেন স্বপ্না। পরে রামিসাকে খুঁজে না পেয়ে তার বাবা মা সোহেলের ঘরের সামনে মেয়ের জুতা দেখতে পান।
সেখানে প্রবেশ করে তারা রামিসার মস্তকবিহীন মরদেহ মেঝেতে এবং মাথা বালতির ভেতর দেখতে পান। এই ঘটনায় ভুক্তভোগীর বাবা পল্লবী থানায় মামলা দায়ের করলে পুলিশ আসামিদের গ্রেপ্তার করে।
এস এম/ ৭ জুন ২০২৬









