জাতীয়

রোববার থেকে বাড়ছে মেট্রোরেলের সময়সীমা, শেষ ট্রেন ছাড়বে রাত সাড়ে ১০টায়

ঢাকা, ৬ জুন – ঢাকার যানজট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা মেট্রোরেলের চলাচলের সময় রাতে উভয় প্রান্তে ২০ মিনিট করে বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। আগামী রোববার থেকে এই নতুন সময়সূচি কার্যকর হবে বলে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) নিশ্চিত করেছে।

ডিএমটিসিএলের তথ্য অনুযায়ী, বর্তমানে মতিঝিল থেকে উত্তরার উদ্দেশ্যে শেষ ট্রেন রাত ১০টা ১০ মিনিটে ছেড়ে যায়। নতুন সিদ্ধান্তের ফলে এই ট্রেনটি রাত সাড়ে ১০টায় ছেড়ে যাবে। একইভাবে উত্তরা থেকে মতিঝিলগামী সর্বশেষ ট্রেনটি রাত ৯টা ৩০ মিনিটের পরিবর্তে রাত ৯টা ৫০ মিনিটে যাত্রা শুরু করবে।

মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছে, রাতের চলাচলের সময় বাড়ানোর বিষয়টি গত এক মাস ধরে পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে। সেই প্রস্তুতির অংশ হিসেবে রোববার থেকে বর্ধিত সময়সূচিতে যাত্রী পরিবহন শুরু হচ্ছে।

প্রাথমিক পর্যায়ে এই অতিরিক্ত ২০ মিনিটে উভয় দিক থেকে মাত্র একটি করে ট্রিপ পরিচালনা করা হবে। এর ফলে ওই সময়ে একটি ট্রেনের পর পরবর্তী ট্রেনের জন্য ১০ মিনিট বিরতি থাকবে।

ডিএমটিসিএলের অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স বিভাগের পরিচালক নজরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, রাতে উভয় দিক থেকে মেট্রোরেল চলাচলের সময় বাড়ানোর সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে। সবকিছু ঠিক থাকলে রোববার থেকেই যাত্রীরা এই সুবিধা ভোগ করবেন।

বর্তমানে প্রতিদিন সকাল সাড়ে ৬টায় উত্তরা থেকে মতিঝিলগামী এবং সকাল সোয়া ৭টায় মতিঝিল থেকে উত্তরাগামী দিনের প্রথম মেট্রোরেল চলাচল করে। সকালে মেট্রোরেল চলাচলের সময় বাড়ানোর বিষয়ে আপাতত কোনো পরিকল্পনা নেই বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

এনএন/ ৬ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language